এক দশকেরও বেশি সময় পর আরব লীগে ফেরার পথ সুগম হচ্ছে সিরিয়ার। এই প্রত্যাবর্তনের বিষয়ে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সোমবার জর্ডানে বৈঠক করবেন সিরিয়ার শীর্ষ কূটনীতিকরা।
বৈঠকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ এবং মিসর, ইরাক ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত থাকবেন।
জর্ডানের সরকারি কর্মকর্তারা বলছেন, সংঘাতের একটি রাজনৈতিক নিষ্পত্তি অর্জনের লক্ষ্যে জর্ডানের একটি পরিকল্পনা নিয়ে আলোচনা হবে বৈঠকে।
দুই সপ্তাহ আগে এই ইস্যুতে জেদ্দায় উপসাগরীয় সহযোগিতা পরিষদের সঙ্গে বৈঠক করেছিল সৌদি আরব। তবে ওই বৈঠক থেকে কোনও সমাধান আসেনি।
২০১১ সালে সিরিয়ায় শুরু হয় গৃহযুদ্ধ। সে সময় সিরিয়ার প্রেসিডেন্ট আল-আসাদের স্বৈরাচারী শাসনের নিন্দা জানিয়ে সিরিয়ার আরব লীগের সদস্যপদ স্থগিত করার পদক্ষেপকে সমর্থন করেছিল বেশিরভাগ আরব দেশ।
আগামী ১৯ মে সৌদি আরবের রিয়াদে বসবে আরব লীগের সম্মেলন। সেখানে কোন শর্তে সিরিয়াকে ফেরত নেওয়া হতে পারে সে বিষয়ে মতৈক্যের চেষ্টা করছে আরব লীগের নেতারা।
কর্মকর্তারা বলছেন, সংঘাত অবসানের পাশাপাশি শরণার্থী সংকট, হাজার হাজার নিখোঁজ বন্দীর ভাগ্য, সিরিয়া ও উপসাগরের মধ্যে মাদক চোরাচালান এবং সিরিয়ায় ইরানি মিলিশিয়াদের উপস্থিতির বিষয়ে আলোচনা হবে বৈঠকে।
সূত্র: মিডল ইস্ট আই