এশিয়া থেকে ইউরোপে পণ্য সরবরাহের সুবিধার্থে ১৭ বিলিয়ন ডলারের আঞ্চলিক পরিবহন প্রকল্প ঘোষণা করেছে ইরাক। বাগদাদে শনিবার তুরস্ক, ইরান, সিরিয়া, জর্ডান এবং উপসাগরীয় দেশগুলোর পরিবহনমন্ত্রী ও প্রতিনিধিদের সামনে এই পরিকল্পনা ঘোষণা করেন ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আল সুদানি।
ইরাকের প্রধানমন্ত্রী বলেন, ‘পরিকল্পিত উন্নয়ন সড়ক প্রকল্পটি (রেলওয়ে এবং হাইওয়ে নেটওয়ার্ক) দক্ষিণ ইরাকের বসরার গ্র্যান্ড ফাও বন্দরের মাধ্যমে উপসাগর থেকে ইউরোপে পণ্য পরিবহনের সুবিধা দেবে যা তুরস্ক হয়ে ইউরোপের সঙ্গে সংযুক্ত হবে’।
আল সুদানি বলেন, প্রকল্পের গুরুত্বপূর্ণ লক্ষ্য হবে গ্র্যান্ড ফাও বন্দরের উন্নয়ন এবং এটি সংলগ্ন একটি ‘স্মার্ট শিল্প শহর’ নির্মাণ।
পরিকল্পিত প্রকল্পের আওতায় প্রায় ১২০০ কিলোমিটার রেলপথ এবং মহাসড়ক নির্মাণ হবে।
ইরাকের প্রধানমন্ত্রী বলেন, ‘স্বার্থ, ইতিহাস এবং সংস্কৃতির মিলনের জন্য এটি একটি প্রতিশ্রুতিশীল সুযোগ’।
কীভাবে এই প্রকল্পে অর্থায়ন হবে তা অবশ্য প্রকাশ করেননি ইরাকের প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, এটি বাস্তবায়নে ভ্রাতৃপ্রতিম এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সহযোগিতার ওপর অনেক বেশি নির্ভর করবে।
এই প্রকল্পের আওতায় বাসরা, বাগদাদ, মসুল এবং তুর্কি সীমান্ত পর্যন্ত প্রধান শহরগুলোরতে অন্তত ১৫টি ট্রেন স্টেশন নির্মাণ হবে।
বৈশ্বিক অর্থনীতিতে পরিবহন একটি গুরুত্বপূর্ণ খাত। ইরাকের এই ঘোষণাটি অন্যান্য পরিকল্পিত আন্তর্জাতিক মেগা-প্রকল্পগুলরর মধ্যে সর্বশেষ। এর আগে ২০১৩ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ ঘোষণা করেছিলেন। এই প্রকল্পের পরিকল্পিত কাজগুলো এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার ১৩০টি দেশকে চীনের সঙ্গে যুক্ত করবে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড