ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নৃশংসতায় প্রাণ হারিয়েছেন ১১০ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু পর এ হতাহতের ঘটনা ঘটছে। শনিবার এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২১ দিনে অর্ধশত অ্যাম্বুলেন্স হামলার শিকার হয়েছে। বাদ যায়নি হাসপাতালও। ইসরায়েলি বোমা বর্ষণ ও জ্বালানি সংকটে বন্ধ হয়ে গেছে ১২টি হাসপাতাল ও ৪৬টি প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্র।
অভিযানের অংশ হিসেবে উত্তর গাজার ২৪টি হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। যেখানে চিকিৎসা নিচ্ছেন হাজারো রোগী।
ফিলিস্তিনিদের ওপর দশকের পর দশক হামলা, নির্যাতন ও আগ্রাসনের বিরুদ্ধে গত ৮ অক্টোবর ইসরায়েলে রকেট ছুড়ে গাজার প্রতিরোধ গোষ্ঠী হামাস। একই সঙ্গে ভূখণ্ডটিতে ঢুকে ১৪শ’র বেশি ইসরায়েলিকে হত্যা করে। এর জেরে ওইদিন থেকে গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে নেতানিয়াহুর বাহিনী। মৃত্যুপুরীতে পরিণত হয়েছে উপত্যকাজুড়ে। ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৭ হাজার ৭০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।