ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসকে নির্মূল এবং ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে জিম্মিদের উদ্ধারে যুক্তরাষ্ট্রের সমর্থন ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু গাজায় যুদ্ধের পরে কী হওয়া উচিত, তা নিয়ে দুই মিত্র দেশের অবস্থানে ভিন্নতা রয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ইঙ্গিত করে নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলকে ওসলো ভুলের পুনরাবৃত্তি করতে দেবেন না তিনি।
১৯৯০ দশকের এই ওসলো চুক্তি ইসরায়েলে একটি ব্যর্থতা হিসেবে বিবেচনা করা হয়।
সোমবার রাতে বাইডেন বলেছিলেন, হামাসের বিরুদ্ধে ইসরায়েলকে তিনি সমর্থন করলেও নেতানিয়াহুর সঙ্গে তার ভিন্নমত রয়েছে। এরপর মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রীও স্বীকার করলেন যে, যুদ্ধের পরে গাজা পরিচালনা নিয়ে বাইডেনের সঙ্গে তার ভিন্নমত রয়েছে।
হিব্রু ভাষায় দেওয়া এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন ও তার প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সংলাপের পর স্থল অভিযান পরিচালনা ও যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক চাপ কমানোর জন্য তাদের সর্বাত্মক সমর্থন আমরা পেয়েছি।
তিনি বলেন, হ্যাঁ, হামাস নির্মূল হওয়ার পর কী হবে, তা নিয়ে ভিন্নমত রয়েছে। আমি আশা করি এক্ষেত্রেও আমরা একটি সমঝোতায় আসতে পারব। আমি আমার অবস্থান স্পষ্ট করতে চাই। ওসলো ভুলের পুনরাবৃত্তি ইসরায়েলকে আমি করতে দেব না।
তিনি আরও বলেন, আমাদের নাগরিক ও সেনাদের এত বড় আত্মত্যাগের পর তা হতে পারে না। গাজায় সন্ত্রাসবাদকে সমর্থন করবে, সন্ত্রাসবাদকে অর্থায়ন করবে, এমন সুযোগ আমরা দিতে পারি না। গাজা হামাসের হবে না, ফাতাহেরও হবে না।
ওসলো চুক্তিকে ৭ অক্টোবরের হামাসের হামলার সঙ্গে তুলনা করে ইসরায়েলে সমালোচনার মুখে পড়েছেন নেতানিয়াহু।