গাজায় বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে একটি চুক্তিতে পৌঁছাতে ইসরায়েল-হামাসের মধ্যস্থতামূলক আলোচনা আগামী সপ্তাহে পুনরায় শুরু হবে। শনিবার (২৫ মে) বিষয়টি জানে এমন এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা-মোসাদ প্রধান মধ্যস্থতাকারী কাতারের প্রধানমন্ত্রী ও সিআইএ প্রধানের সঙ্গে বৈঠকের পর, আলোচনা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম বা নিজের জাতীয়তার পরিচয় দিতে অস্বীকার করেছেন ওই কর্মকর্তা।
ওই বৈঠকের পরই যুক্তরাষ্ট্রের সক্রিয় উপস্থিতিতে মধ্যস্থতাকারী, মিশর এবং কাতারের নেতৃত্বে আগামী সপ্তাহে নতুন প্রস্তাবের ভিত্তিতে আলোচনা শুরু হবে বলে জানিয়েছে ওই সূত্র।
ইসরায়েলের দাবি গত ৭ অক্টোবর দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে ১২০ জনকে জিম্মি করে হামাস। তাদেরকে মুক্ত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
অবশ্য যুদ্ধবিরতি আলোচনায় অচলাবস্থার জন্য একে অপরকেও দায়ী করেছে উভয় পক্ষ। ইসরায়েল বলছে, তারা হামাসের যুদ্ধ পুরোপুরি বন্ধের দাবি মেনে নেবে না। কারণ তাদের দাবি এতে গাজায় হামাস আরও শক্তিশালী হবে। উলটো তারা হামাসকে নির্মূলের শপথ নিয়েছে।
অন্যদিকে ফিলিস্তিনি বন্দিদের নি:শর্ত মুক্তি চায় হামাস। গাজায় গত ৭ মাসের ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে অন্তত ২৫ হাজার ৯০৭ ফিলিস্তিনি। ধ্বংস হয়েছে গাজার বেশিরভাগ এলাকা।