গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের ৬০ শতাংশ যোদ্ধা নিহত বা আহত হয়েছে। বুধবার (১০ জুলাই) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এই দাবি করেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে গ্যালান্ট বলেছেন, ইসরায়েল হামাসকে নির্মূল এবং গাজা থেকে সব জিম্মিদের ফিরিয়ে আনার লক্ষ্যে অটল রয়েছে।
তিনি ইসরায়েলি সেনাদের আত্মত্যাগ ও সফলতার প্রশংসা করে দাবি করেছেন, সামরিক অভিযানে অনেক সফলতা রয়েছে।
ইসরায়েল গাজার উত্তরে গাজা সিটি এবং দক্ষিণে রাফাহ ও খান ইউনিসে নতুন আক্রমণ শুরু করেছে। একই সময়ে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ করছে।
গ্যালান্ট বলেছেন, আমরা হামাস সন্ত্রাসীদের ৬০ শতাংশ নির্মূল বা আহত করেছি। ফিলিস্তিনি গোষ্ঠীর ২৪টি ব্যাটালিয়নের বেশিরভাগকেই ধ্বংস করেছি।
ইসরায়েলি মন্ত্রী হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানাননি। ইসরায়েলি সেনাবাহিনীও কোনও পরিসংখ্যান প্রকাশ করেনি।
গ্যালান্ট বলেছেন, আমরা অর্ধেক জিম্মিকে ফিরিয়ে এনেছি। বাকি সবাইকে ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাস যোদ্ধাদের হামলায় এই যুদ্ধের সূত্রপাত। ইসরায়েলি পরিসংখ্যান অনুসারে, ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় ১ হাজার ২০০ জন নিহত এবং প্রায় ২৫০ জন বেসামরিক নাগরিক ও সেনাকে অপহরণ করে গাজায় নিয়ে যাওয়া হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের প্রতিশোধমূলক আক্রমণে প্রায় ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং উপকূলীয় ঘনবসতিপূর্ণ ছিটমহলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।