নতুন কোনও শর্ত ছাড়াই যুদ্ধবিরতি কার্যকর করতে প্রস্তুত রয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। বুধবার (১২ সেপ্টেম্বর) হামাসের আলোচকরা বলেছেন, কোনও পক্ষের নতুন শর্ত ছাড়াই যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী প্রস্তাবের ভিত্তিতে গাজায় ইসরায়েলের সঙ্গে একটি ‘তাৎক্ষণিক’ যুদ্ধবিরতি বাস্তবায়নে তারা প্রস্তুত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, দোহায় গাজার সর্বশেষ উন্নয়ন নিয়ে আলোচনা করতে হামাসের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা খলিল আল-হাইয়ার নেতৃত্বে আলোচনাকারী একটি দল বুধবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি এবং মিসরের গোয়েন্দা প্রধান আব্বাস কামেলসহ মধ্যস্থতাকারীদের সঙ্গে দেখা করেছেন।
১১ মাস পুরনো যুদ্ধের অবসান ঘটাতে আলোচনা এ পর্যন্ত কোনও চুক্তিতে পৌঁছাতে পারেনি ইসরায়েল-হামাস। আলোচনার দীর্ঘস্থায়ী সমস্যাগুলোর মধ্যে অন্যতম মিসরের সঙ্গে গাজার ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ।
শনিবার গাজা বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রধান আলোচক, সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে আরও বিশদ একটি যুদ্ধবিরতি প্রস্তাব করা হবে।
জুনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে প্রস্তাবটি উত্থাপন করেছিলেন তাতে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে তিন-পর্যায়ের যুদ্ধবিরতির প্রস্তাব ছিলো।
ইসরায়েলের তথ্যমতে, ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা করে হামাস। এসময় প্রায় আড়াইশো জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় সশস্ত্র যোদ্ধারা। এর প্রতিক্রিয়ায় গাজায় ওইদিনই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের আক্রমণে গাজায় এ পর্যন্ত অন্তত ৪১ হাজার ৮৪ ফিলিস্তিনি নিহত এবং ৯৫ হাজার ২৯ জন আহত হয়েছেন।