ইসরায়েলের বিমানবাহিনী হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইউনিটের প্রধান মুহাম্মাদ কামেল নাইমকে হত্যা করেছে। সোমবার (১৪ অক্টোবর) এই দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সামরিক সূত্র জানায়, নাইমকে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলে টার্গেট করে হামলা চালানো হয়। তিনি ইসরায়েলে ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দায়িত্বে ছিলেন। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।
মুহাম্মাদ কামেল নাইমের ওপর হামলার ফুটেজ প্রকাশ করেছে আইডিএফ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ আঘাত বলে মনে করছে ইসরায়েলি সামরিক বাহিনী।
সোমবার হিজবুল্লাহ উত্তর ও মধ্য ইসরায়েলে রকেট হামলা চালায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, কিছু রকেট প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে ঠেকানো হয়েছে, তবে কয়েকটি খোলা জায়গায় পড়েছে। পরে ইসরায়েলি বিমান বাহিনী রকেট লঞ্চারগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।
এদিকে, ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, সিরিয়া থেকে ইসরায়েলের দিকে উড়ে আসা দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। ড্রোনগুলো ইসরায়েলের সীমানায় প্রবেশের আগেই ধ্বংস করা হয় বলে জানিয়েছে আইডিএফ।
আইডিএফের একজন মুখপাত্র বলেছেন, হিজবুল্লাহর নেতৃত্ব এবং সামরিক কাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে আমরা আমাদের অভিযান চালিয়ে যাব। নাইমের মতো নেতৃস্থানীয় কমান্ডারদের লক্ষ্য করে আমাদের আঘাত এই প্রচেষ্টার অংশ।
হিজবুল্লাহর পক্ষ থেকে এখনও নাইমের মৃত্যু সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে লেবাননের সংবাদমাধ্যমে হিজবুল্লাহর নেতারা ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ইসরায়েল তাদের আগ্রাসনের কঠিন জবাব পাবে।