চলমান যুদ্ধ বন্ধে ইরানকে ১৫ দফার একটি যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার পাকিস্তানের দুই সরকারি কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। তবে তেহরান এখনও ওয়াশিংটনের সঙ্গে কোনও ধরনের আলোচনায় বসার খবর অস্বীকার করে আসছে।
নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের দেওয়া এই প্রস্তাবের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, বেসামরিক পারমাণবিক সহযোগিতা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা।
এ ছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মাধ্যমে পর্যবেক্ষণ, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার ওপর সীমাবদ্ধতা আরোপ এবং পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের অবাধ সুযোগ নিশ্চিত করার বিষয়গুলোও এই ১৫ দফার অন্তর্ভুক্ত।
বিশদ বিবরণ প্রকাশের অনুমতি না থাকায় ওই কর্মকর্তারা নাম গোপন রেখে এই তথ্য জানিয়েছেন। তবে ইরান এখনও তাদের অবস্থানে অনড়।
তেহরান দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা কোনও ধরনের আলোচনায় লিপ্ত নয়। এমনকি বুধবার ইরানের এক সামরিক মুখপাত্র ওয়াশিংটনের এই কূটনৈতিক প্রচেষ্টাকে নিয়ে উপহাসও করেছেন।