ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ অবসানে তাৎক্ষণিক চুক্তি ঘোষণার পর নিজেদের বিজয়ের দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এক বিবৃতিতে তারা বলেছে, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অপদস্থ করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ওই বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ দাবি করে, অপদস্থ আমেরিকান ও জায়নিস্ট শত্রুদের ওপর নিজেদের ঐশী ও লৌহদৃঢ় ইচ্ছাশক্তি আরোপের মাধ্যমে ইরানি বাহিনী দেখিয়ে দিয়েছে যে, শত্রুপক্ষের সামনে পরাজয় ও আত্মসমর্পণ মেনে নেওয়া ছাড়া অন্য কোনও পথ ছিল না।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানি বাহিনী শক্ত অবস্থান প্রদর্শনের মাধ্যমে প্রতিপক্ষকে নিজেদের অবস্থান মেনে নিতে বাধ্য করেছে।