ইয়েমেনের হাধরামাউত ও মারিব প্রদেশের সরকারি সামরিক ক্যাম্পে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩০ জন ইয়েমেনি সেনা নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। ইয়েমেন সরকারের বেশ কয়েকটি সূত্রের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার জরুরি বাহিনীর পরিচালিত ক্যাম্পসহ কয়েকটি সামরিক ঘাঁটিতে এই হামলা চালানো হয়। দেশের গৃহযুদ্ধে এটি বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা, যা সাম্প্রতিক সপ্তাহগুলোতে হিংসাত্মক সংঘাত বৃদ্ধির ধারাবাহিকতা ফুটিয়ে তোলে।
হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারী দাবি করেছেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে চালানো এই হামলায় শত শত সদস্য হতাহত হয়েছে। ইয়েমেনি সামরিক বাহিনী আক্রমণের বিষয়টি নিশ্চিত করেছে।
সামরিক সূত্রগুলো জানিয়েছে, মারিবের উত্তরে আল-জাওফ প্রদেশ থেকে হুথিরা আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। যার লক্ষ্যবস্তু ছিল হাধরামাউতের আল-থিনিয়া ও আল-আব্দ এবং মারিবের আল-রুক এলাকা। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সূত্রগুলো।
চার বছর আপেক্ষিক শান্তির পর ইরান সমর্থিত হুথি এবং সৌদিপন্থি সরকারি বাহিনীর মধ্যে সম্প্রতি লড়াই তীব্রতর হয়েছে। হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণাও দিয়েছে এবং প্রতিবেশী এই দেশের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোতে হামলা চালিয়েছে।
২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করলে এই যুদ্ধের সূচনা হয়। পরের বছর সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হস্তক্ষেপ করলেও তারা হুথিদের পুরোপুরি পরাস্ত করতে ব্যর্থ হয়।
এক মাস আগে হুথিরা অভিযোগ করে যে সানা বিমানবন্দরে একটি ইরানি বিমান অবতরণে বাধা দেওয়া হয়েছে, যার পর উত্তেজনা আরও বেড়ে যায়। গত ১৩ জুলাই ইয়েমেন সরকার জানায়, অপর একটি ইরানি বিমানের অবতরণ ঠেকাতে তারা সানা বিমানবন্দরে হামলা চালিয়েছে। জবাবে হুথিরা সৌদি আরবের আবহা বিমানবন্দরে হামলা চালায়, যা রিয়াদ আকাশেই নস্যাৎ করার দাবি করা হয়েছে।
এরপর ২০ জুলাই হুথিরা সৌদি আরবের ওপর সামুদ্রিক অবরোধের ঘোষণা দেয় এবং পরবর্তী দিনগুলোতে লোহিত সাগরে সৌদি-সংশ্লিষ্ট জাহাজগুলোতে আক্রমণ শুরু করে। বিশ্বের অন্যতম ব্যস্ত এই নৌপথে এমন একসময়ে হামলা শুরু হলো যখন যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে আরব উপদ্বীপের অপর প্রান্তে অবস্থিত হরমুজ প্রণালি বন্ধ রয়েছে এবং বিশ্বজুড়ে জ্বালানি ও তেল রফতানি মারাত্মক ব্যাহত হচ্ছে।
এর পরপরই ২০২২ সালের পর প্রথমবারের মতো ইয়েমেনের পশ্চিমে হুথি লক্ষ্যবস্তুগুলোতে নতুন করে বিমান হামলা শুরু করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।