অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের বন্দরে যাওয়ার পথে মার্কিন অবরোধ অমান্য করার চেষ্টা করায় পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ভোরে ওমান উপসাগরে জাহাজটির ইঞ্জিন কক্ষে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছোড়ে মার্কিন বাহিনী। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, এম/ভি ভেলা নোভা নামের জাহাজটি ইরানের একটি বন্দরের উদ্দেশে ওমান উপসাগর অতিক্রম করার চেষ্টা করছিল। এ সময় ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ বাস্তবায়নে নিয়োজিত মার্কিন কর্মকর্তাদের সতর্কবার্তা উপেক্ষা করে জাহাজটির ক্রুরা।

এরপর মার্কিন নৌবাহিনীর একটি এমএইচ-৬০ হেলিকপ্টার থেকে জাহাজটির ইঞ্জিন কক্ষে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান পরিচালনাকারী ইউএস সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, জাহাজটি আর ইরানের দিকে যাচ্ছে না। ইরানের বিরুদ্ধে মার্কিন অবরোধ লঙ্ঘন অব্যাহত রয়েছে।

ভোরের এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান ভ্যানগার্ড জানিয়েছে, পাকিস্তানের উপকূল থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে এ ঘটনা ঘটে।

এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হামলার পর জাহাজটির ক্রুরা অন্য একটি বেসামরিক জাহাজে যাওয়ার চেষ্টা করছিল বলে মনে হয়েছে।

ভ্যানগার্ডের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি জাহাজটিতে আঘাত করে আগুনের সূত্রপাত ঘটায়। পরে আগুন নিভিয়ে ফেলা হয়। জাহাজটির ১৭ জন ক্রু সবাই নিরাপদে আছেন বলেও জানানো হয়েছে।

এর আগে গত জুনে ইরানের ওপর মার্কিন অবরোধ বাস্তবায়নের একটি অভিযানে তিন ভারতীয় নাবিক নিহত হন বলে জানিয়েছিলেন এক ভারতীয় কর্মকর্তা। ইরানের তেল থেকে আয় বন্ধ করে দেশটিকে যুদ্ধ অবসানের চুক্তিতে রাজি করানোর মার্কিন প্রচেষ্টায় সেটিই ছিল প্রথমবার প্রাণহানির খবর।