কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ রাখা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা চূড়ান্ত রূপ নিয়েছে। এর মাঝেই বিতর্কিত এই প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে চিহ্নিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি মানচিত্র পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, মধ্যবর্তী শান্তি চুক্তির আওতায় দেওয়া প্রতিশ্রুতিগুলো ওয়াশিংটন বাস্তবায়ন না করা পর্যন্ত আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি বন্ধই থাকবে।
মানচিত্র প্রকাশের আগে ট্রাম্প দাবি করেন, পারস্য উপসাগর, ওমান উপসাগর ও আরব সাগরকে সংযুক্তকারী এই কৌশলগত জলপথটি যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণে’ রয়েছে। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, অবরোধের মাধ্যমে এটি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। এটিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করার বিষয়টি আমি পছন্দ করছি। কারণ প্রণালিটির ওপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।
এর আগে গত শুক্রবার লং আইল্যান্ডে এক রাজনৈতিক সমাবেশে ট্রাম্প প্রথমবার এই ধারণার কথা জানিয়ে বলেছিলেন, ইরানকে পরাজিত করার পর খুব শিগগিরই আমি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করব।
তবে ইরানের শীর্ষ বক্তা ও মধ্যস্থতাকারী মোহাম্মদ বাঘের গালিবাফ রাষ্ট্রীয় টিভিতে দেওয়া এক ভাষণে বলেন, স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, সমঝোতা স্মারকে উল্লেখিত মার্কিন প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না।
ইরানের দাবি অনুযায়ী, গত জুনে দুই দেশের চুক্তি ভেস্তে যাওয়ার আগে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, তেল খাতের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলা এবং বিদেশে থাকা ইরানি সম্পদ অবমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিল যুক্তরাষ্ট্র।
এদিকে নৌপথটির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের মধ্যেই মঙ্গলবার সেখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ইউকেএমটিও জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি জাহাজের ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয় এবং এক নাবিক হতাহত হন। ওমান কোস্ট গার্ড বাকি নাবিকদের উদ্ধার করতে সহায়তা করছে।
সংকট নিরসনে ওমানের সঙ্গে ইরানের আলোচনা অব্যাহত থাকলেও ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে বর্তমানে কোনও কথা বা আলোচনা নির্ধারিত নেই। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, নৌ অবরোধ পুরোপুরি বহাল রয়েছে। হরমুজ প্রণালি উন্মুক্ত ও সচল রয়েছে। পানির সব মাইন সরিয়ে নেওয়া বা নিষ্ক্রিয় করা হয়েছে।