পঞ্চায়েত সমিতি নির্বাচনের পর রাজস্থানের টঙ্ক জেলার কয়েকটি গ্রামে লাগানো সড়কবাতি খুলে নেওয়া হয়েছে। বিজেপির এক প্রার্থী হেরে যাওয়ার পর এ ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ উঠেছে। ওই প্রার্থীর স্বামী নিবাই কেন্দ্রের বিধায়ক রামসহায় ভার্মার ব্যক্তিগত সহকারী বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
পিপলু পঞ্চায়েত সমিতির ৪ নম্বর ওয়ার্ডে বিতর্কটি দেখা দিয়েছে। রানোলি গ্রাম পঞ্চায়েতের কুমারোঁ কি ধানী, বেগমপুরা, হানিফগঞ্জ ও বিজলিপুরা গ্রামের বিদ্যুতের খুঁটিতে প্রায় ৫০টি এলইডি সড়কবাতি লাগানো হয়েছিল বলে জানা গেছে।
গ্রামবাসীর দাবি, বিধায়ক রামসহায় ভার্মার ব্যক্তিগত সহকারী আলোক শর্মার উদ্যোগে বাতিগুলো লাগানো হয়। তার স্ত্রী প্রিয়াঙ্কা শর্মা ৪ নম্বর ওয়ার্ড থেকে পঞ্চায়েত সমিতির সদস্য পদে লড়ে হেরে যান। গ্রামবাসীদের ভাষ্য, নির্বাচনের ফল ঘোষণার পরই বাতি খোলা শুরু হয়, ফলে প্রিয়াঙ্কার পরাজয়ের সঙ্গে এর যোগ থাকার জল্পনা তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, নির্বাচনের ফলের প্রতিশোধ হিসেবেই গ্রামগুলোর বিরুদ্ধে এ পদক্ষেপ।
জয়পুর বিদ্যুৎ বিতরণ নিগম লিমিটেডের (জেভিভিএনএল) ফল্ট রিপেয়ার টিমের কর্মীরা বিদ্যুৎ সংযোগ অনুমোদনহীন পেয়ে বাতি খুলতে গ্রামে যান বলে জানা গেছে। বাসিন্দাদের বাধার মধ্যেও দলটি কুমারোঁ কি ধানীর প্রায় ১০টি খুঁটি থেকে বাতি খুলে নিতে সক্ষম হয়। নতুন নির্বাচিত গ্রাম সরপঞ্চরা বিদ্যুৎ বিল দিতে রাজি হওয়ায় বাকি প্রায় ৪০টি খুঁটির বাতি খোলা পরে বন্ধ হয়।
ঘটনায় বাসিন্দাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। কে বাতিগুলো লাগিয়েছিল এবং নির্বাচনের ফলের পরপরই কেন খোলা হলো, তা নিয়ে প্রশ্ন উঠছে।
জেভিভিএনএলের নির্বাহী প্রকৌশলী ডি আর মীণা জানান, বিদ্যুৎ-ত্রুটি সারাতে গ্রামে গিয়ে এফআরটি দল খুঁটিতে অনুমোদনহীন সংযোগে বাতি লাগানো দেখতে পায়। দলের প্রতিবেদনের পর কর্মকর্তারা পরিদর্শন করে অবৈধ সংযোগ নিশ্চিত করেন, এরপর খোলার প্রক্রিয়া শুরু হয়। বিষয়টির তদন্তের দায়িত্বও নির্বাহী প্রকৌশলীকে দেওয়া হয়েছে। কর্মকর্তারা বলেছেন, কোন পরিস্থিতিতে বাতি লাগানো হয়েছিল এবং সংযোগের প্রকৃতি কী ছিল, তদন্তে তা বেরিয়ে আসবে।
নিবাইয়ের বিধায়ক রামসহায় ভার্মা পরাজয়ের সঙ্গে বাতি খোলার সম্পর্কের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তার ভাষ্য, দীপাবলির আগে প্রার্থীরা বাতিগুলো লাগিয়েছিলেন এবং বিদ্যুৎ বিলের বিষয়টি সামনে আসার পর খোলা হয়। বিলের বিষয়ে জেভিভিএনএল পদক্ষেপ শুরু করেছিল বলে তিনি জানান। নতুন সরপঞ্চরা বিল দিতে রাজি হওয়ায় বাকি প্রায় ৪০টি খুঁটির বাতি খোলা বন্ধ হয়েছে বলেও জানান তিনি।
তবু প্রতিহিংসার অভিযোগ গ্রামগুলোতে আলোচনা উসকে দিয়েছে। বাসিন্দারা বাতি খোলার সময় নিয়ে প্রশ্ন তুলছেন। জেভিভিএনএলের তদন্তে কে বাতি লাগিয়েছিল এবং সংযোগ অনুমোদনহীন ছিল কি না, তা আরও স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।
কীটনাশকের বিষক্রিয়া আশঙ্কাজনক বিজেপি বিধায়ক, দলের দাবি ‘ফুড পয়জনিং’
১৩ লাখ রুপির গাড়ি না পেয়ে বিয়ের আসর থেকে ফিরলেন পাত্র, মণ্ডপে বসে রইলেন কনে