লোহিত সাগরের কৌশলগত দ্বীপ দখল করলো ইয়েমেনের হুথিরা

উপকূলীয় অঞ্চলে একের পর এক সফলতা পাওয়ার পর শুক্রবার লোহিত সাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ মায়ুন দ্বীপ দখল করে নিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। এর মধ্য দিয়ে ইউরোপ ও এশিয়ার মধ্যকার অতি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ বাব আল-মান্দেব প্রণালির ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলো গোষ্ঠীটি। ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

কয়েক মাস আগে ইরানের দেওয়া হরমুজ প্রণালি অবরোধের পর এবার হুথিদের এই অগ্রগতির কারণে আন্তর্জাতিক বাণিজ্যে মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সপ্তাহের বেশি সময় ধরে চলা এই স্থল অভিযানে প্রায় ৫০০ মানুষের প্রাণহানি ঘটেছে এবং প্রায় ৪৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা।

হুথিরা ইতোমধ্যে বাব আল-মান্দেব প্রণালি, কৌশলগত জুকার দ্বীপ ও মোখা বন্দরনগরীর নিয়ন্ত্রণ নিয়ে সরকারি বাহিনীকে অবরুদ্ধ করে ফেলেছে। তবে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে উদ্বেগ উড়িয়ে দিয়ে হুথি রাজনৈতিক ব্যুরোর সদস্য হাজেম আল-আসাদ বলেন, আন্তর্জাতিক উদ্বেগের কোনও কারণ নেই। লোহিত সাগর ও বাব আল-মান্দেবে স্বাধীন নৌ চলাচল ও আন্তর্জাতিক বাণিজ্য নিরাপদ এবং সুশৃঙ্খল রয়েছে।

অন্যদিকে ইরানি শীর্ষ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবের এই অগ্রগতিকে হুথিদের ‘ঐতিহাসিক বিজয়’ হিসেবে অভিহিত করে অভিনন্দন জানান। চ্যাথাম হাউসের গবেষক ফারেয়া আল-মুসলিমির মতে, এর মধ্য দিয়ে ইরান ও তার সহযোগীরা মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ দুই নৌপথেরই নিয়ন্ত্রণ নিশ্চিত করলো।

গত জুলাই থেকে লোহিত সাগরে সৌদি তেলের ট্যাংকারকে নিশানা বানিয়ে আসছে হুথিরা। নতুন এই দ্বীপ দখলের ফলে সেই হামলার সক্ষমতা আরও বাড়লো। এদিকে জ্বালানি সংকটের প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। জাতিসংঘের ইয়েমেনবিষয়ক বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ সংকট নিরসনে নিরাপত্তা পরিষদের দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল