সৌদির প্রধান তেল স্থাপনায় হুথিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের একটি প্রধান তেল স্থাপনায় ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শনিবার সৌদি আরবের আরামকো শোধনাগার থেকে আগুনের শিখা ও বিশাল ধোঁয়া উড়তে দেখা যাওয়ার পর এবং অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করার পর এই দাবির কথা সামনে আসে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে সৌদি কর্তৃপক্ষ বা আরামকোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, সানাসহ ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত অঞ্চলে সৌদি বিমান হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে এবং এর ফলে লক্ষ্যবস্তুতে আগুন ধরে গেছে।

তিনি আরও দাবি করেন, গত ২৪ ঘণ্টার মধ্যে হুথি নিয়ন্ত্রিত এলাকায় প্রায় ৬০টি বিমান হামলা চালিয়েছে সৌদি আরব।