মার্কিন নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের মুখে অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা ইরানের মুদ্রা রিয়ালের দরপতন অব্যাহত রয়েছে। মুদ্রাটির পতন রোধ করতে বাজারে দুই বিলিয়ন ডলার পর্যন্ত ছাড়ার ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মুক্তবাজারের মুদ্রা বিনিময় হার পর্যবেক্ষণকারী ওয়েবসাইট বন-বাস্ট ডটকমের তথ্য অনুযায়ী, শুক্রবার প্রতি ডলার যেখানে ২৬ লাখ ৩২ হাজার রিয়ালে বিক্রি হয়েছিল, তা বেড়ে ২৬ লাখ ৮৮ হাজার রিয়ালে দাঁড়িয়েছে। অন্যদিকে আলানচাঁদ ডটকমের প্রতিবেদন অনুযায়ী, প্রতি ডলারের বিনিময়মূল্য দাঁড়িয়েছে ২৬ লাখ ৯৫ হাজার রিয়াল।
রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, গত এক বছরে মূল্য হারিয়ে অর্ধেকের বেশি মান হারানো মুদ্রাটিকে সমর্থন জোগাতে সরকারি ব্যাংকগুলো দুই বিলিয়ন ডলার পর্যন্ত বিক্রি করা শুরু করেছে।
ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বৈদেশিক মুদ্রাবিষয়ক সহকারী মেহদি দারাবি রিয়ালের দরপতনের জন্য আংশিকভাবে মার্কিন কর্মকর্তাদের দেওয়া ইরানের অর্থনীতি ধসে পড়ার ‘মিথ্যা পূর্বাভাসকে’ দায়ী করেছেন।
রাষ্ট্রীয় টেলিভিশনকে মেহদি দারাবি বলেন, ইরানের অর্থনীতি ধসে পড়তে যাচ্ছে- এমন ধারণা দেওয়া হচ্ছে। শত্রুরা আমাদের মুদ্রার বিনিময় হারকে প্রভাবিত করতে এটি ব্যবহার করছে। রিয়ালের বর্তমান দরপতনকে তিনি ‘সাময়িক’ বলেও উল্লেখ করেন।
ইরানের দুই প্রতিনিধিকে ‘বের করে’ দিয়েছে যুক্তরাষ্ট্র