ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের কাছ থেকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ লোহিত সাগরের বন্দরনগরী মোখা নিয়ন্ত্রণে নিয়েছে ইয়েমেনের সরকারি বাহিনী। প্রবল লড়াই ও বিমান হামলার সহায়তায় এই সাফল্য এসেছে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে সোমবার এক সামরিক সূত্র জানিয়েছে।
সামরিক সূত্রটি নিশ্চিত করেছে যে, নেশনস শিল্ড ফোর্সেস, জায়ান্টস ব্রিগেডস ও তিহামা ব্রিগেডস মোখা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। গত সপ্তাহান্তে হুথিদের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড পুনরুদ্ধারে শুরু হওয়া এক বড় ধরনের সরকারি অভিযানের অংশ হিসেবে এই সাফল্য আসে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ এবং লোহিত সাগরের সঙ্গে এডেন উপসাগরকে সংযোগকারী বাব আল-মানদেব প্রণালির কাছে অবস্থিত হওয়ায় মোখার নিয়ন্ত্রণ পাওয়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের জন্য একটি বড় বড় অর্জন। এর আগে সেপ্টেম্বর মাসে ইয়েমেনের পশ্চিম উপকূলে চালানো এক অভিযানে মোখা দখল করে হুথিরা, যা বাব আল-মানদেব সংলগ্ন নৌপথে তাদের হুমকি দেওয়ার ক্ষমতা বাড়িয়ে দিয়েছিল।
এই অভিযানের অংশ হিসেবে সোমবার সরকারি বাহিনী দ্রুত অগ্রগতি অর্জন করে। ইয়েমেনি সেনাবাহিনী জানিয়েছে, তাদের নেশনস শিল্ড ফোর্সেস ও জায়ান্টস ব্রিগেডস ধুবাব জেলা ও এর বিমানবন্দর দখল করেছে এবং ধুবাব থেকে মোখা সংযোগকারী রাস্তা বিচ্ছিন্ন করে দিয়েছে।
সৌদি নেতৃত্বাধীন জোট এই অভিযানে বিমান সহায়তা দিচ্ছে। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি সোমবার জানান, ১০০টি যুদ্ধবিমান ইয়েমেনি বাহিনীকে সহায়তা দিচ্ছে এবং হুথিদের শত শত লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। হুথিদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চল পুনরায় পুনরুদ্ধার এবং রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে নবঘোষিত ‘ডন অব ইয়েমেন’ (ইয়েমেনের ভোর) অভিযানের অংশ হিসেবে এই লড়াই চলছে।
এর আগে রবিবার ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি এই বিস্তৃত সামরিক অভিযানের ঘোষণা দেন। তিনি বলেন, উত্তেজনা কমানোর সব সুযোগ ইয়েমেন সরকার নিঃশেষ করেছে এবং এখন প্রস্তুতির ধাপ থেকে রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্যে পদক্ষেপের ধাপে প্রবেশ করেছে।
পরবর্তীতে ইয়েমেনের সশস্ত্র বাহিনী একটি ‘মুক্তিযুদ্ধ’ শুরুর ঘোষণা দিয়ে হুথি যোদ্ধাদের অস্ত্র সমর্পণের আহ্বান জানায়। একই সঙ্গে তারা হুথিদের নিয়ন্ত্রণে থাকা রাজধানী সানাও পুনরুদ্ধারে এক কৌশলগত অভিযানের ঘোষণা দিয়েছে।
উল্লেখ্য, লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজে হুথিদের ধারাবাহিক হামলার কারণে আন্তর্জাতিক বাণিজ্যে বাব আল-মানদেব ও মোখা এলাকার নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সূত্র: আল-আরাবিয়া