একদিনের ব্যবধানেই বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যে চলমান সংঘাতে সরবরাহ ঝুঁকির হিসাব-নিকাশ এবং অন্যদিকে রাশিয়া থেকে ডিজেল আমদানির সম্ভাবনার প্রভাবে বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ১০৬ দশমিক ৫৮ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৮০ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৯৪ ডলারে পৌঁছেছে।

এর আগে মঙ্গলবার ব্রেন্টের দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমেছিল। অন্যদিকে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছিল শূন্য দশমিক ৪ শতাংশ।

নিসান সিকিউরিটিজের সহযোগী প্রতিষ্ঠান নিসান সিকিউরিটিজ ইনভেস্টমেন্টের প্রধান কৌশলবিদ হিরোয়ুকি কিকুকাওয়া বলেন, হুথি ও সৌদি আরবের মধ্যে সংঘাত থেকে সৃষ্ট সরবরাহ-উদ্বেগ তেলের দাম বাড়াচ্ছে।

তিনি আরও বলেন, রাশিয়া থেকে ডিজেল রফতানি বাড়লে বাজারে সরবরাহের সংকট কিছুটা কমবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এতে তেলের দামে উভয় দিকে বড় ধরনের ওঠানামা সীমিত হতে পারে। তার পূর্বাভাস অনুযায়ী, ডব্লিউটিআইয়ের দাম ব্যারেলপ্রতি ৯০ থেকে ১০০ ডলারের মধ্যে থাকতে পারে।