ইউক্রেনের কাছে ২১০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

ইউক্রেনের কাছে আনুমানিক ২১০ কোটি ডলারে ৫০০টি প্যাট্রিয়ট পিএসি-৩ ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। শুক্রবার প্রতিষ্ঠানটি এ কথা জানায়। ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদ শুরুর পর কিয়েভকে প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহের ক্ষেত্রে এটি অন্যতম তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি ঘোষণা করার এবং রুশ তেল শোধনাগারে হামলা বন্ধে ইউক্রেনের অনিচ্ছার জন্য প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সমালোচনা করার পর ক্ষেপণাস্ত্র সরবরাহে বিলম্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের উত্তেজনা বাড়িয়েছে। ইউক্রেন দীর্ঘদিন ধরে বলে আসছে, দেশটির দিকে রুশ সেনাবাহিনীর ছোড়া ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে তাদের জরুরি ভিত্তিতে আরও ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র দরকার। দ্রুতগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে সবচেয়ে কার্যকর অস্ত্র প্যাট্রিয়ট ব্যবস্থা।

বৃহস্পতিবার ইউক্রেনের শহর দনিপ্রোয় একটি রেল প্ল্যাটফর্মে রুশ ড্রোন হামলায় অন্তত ১৪ জন নিহত হন। কর্মকর্তারা জানান, আরও দুটি প্রাদেশিক শহরে দিনের বেলার হামলায় ৫ জন এবং রাজধানী কিয়েভে গভীর রাতের ক্ষেপণাস্ত্র হামলায় ১ জন নিহত হন। জেলেনস্কি সোমবার বলেছিলেন, রাশিয়া জ্বালানি ও বেসামরিক অবকাঠামোয় হামলা বাড়ানোর মধ্যে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্রের অনুমোদনের জন্য ইউক্রেন প্রায় এক মাস ধরে অপেক্ষা করছে।

তবে ইউক্রেনের জরুরি প্রয়োজন সত্ত্বেও ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলো দ্রুত পাওয়ার সম্ভাবনা কম। অস্ত্র বিক্রির চুক্তি পূরণ হতে সাধারণত কয়েক বছর লাগে। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত সম্পর্কে অবহিত দুজন জানান, ক্ষেপণাস্ত্রগুলো এখনও তৈরি হয়নি এবং ২০৩০-এর দশকের কয়েক বছর পার না হলে সরবরাহের সম্ভাবনা নেই।

তাদের একজন বলেন, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সরবরাহের তারিখ এগিয়ে আনতে পেন্টাগনকে উৎসাহিত করছে। এ জন্য যুক্তরাষ্ট্রের মজুতে থাকা ক্ষেপণাস্ত্র কিয়েভকে দিয়ে নতুন প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর দিয়ে সেই ঘাটতি পূরণ করা যেতে পারে।

স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, ইউএস জাম্পস্টার্ট নামে একটি কর্মসূচির মাধ্যমে কানাডা, জার্মানি ও নরওয়ের অবদান এবং ইউরোপীয় ইউনিয়নের ইউক্রেন সাপোর্ট লোন থেকে অর্থায়ন করা জাতীয় তহবিল দিয়ে ক্ষেপণাস্ত্রের দাম মেটাবে ইউক্রেন। পেন্টাগনের ওয়েবসাইট অনুযায়ী, রুশ আগ্রাসনের পর ইউক্রেনের আত্মরক্ষায় সহায়তা দিতে মিত্রদের অনুদান দিয়ে অস্ত্র, সেবা ও প্রশিক্ষণ কেনা হয় এ কর্মসূচিতে।

আগস্টে জাম্পস্টার্ট কর্মসূচি ব্যবহার করে জোন ৫ টেকনোলজিস ও কোঅ্যাসপায়ারের তৈরি ৮২ কোটি ৫০ লাখ ডলারের ৩ হাজার ৩৫০টি আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র কেনা হয়েছিল। প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর বিক্রির প্রধান ঠিকাদার লকহিড মার্টিন। যুক্তরাষ্ট্র মিত্রদের প্রচুর অস্ত্র সরবরাহ করছে এবং একই সঙ্গে ইরানে নিজস্ব সামরিক অভিযানে গোলাবারুদ ব্যবহার করছে। এতে গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ও নিখুঁত নিশানার অস্ত্রের মজুত নিয়ে উদ্বেগ বেড়েছে।

জুলাইয়ে মার্কিন সেনাবাহিনী প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎপাদনে লকহিডকে ৫৮৬ কোটি ডলার পর্যন্ত মূল্যের একটি চুক্তি দেয়।

লকহিড জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে পিএসি-৩ এমএসই উৎপাদন সক্ষমতা তিন গুণ করার প্রতিশ্রুতি রাখতে এবং আরকানসাসের ক্যামডেন কারখানায় কর্মসংস্থান ৫০ শতাংশ বাড়িয়ে ১ হাজার ২০০ থেকে প্রায় ১ হাজার ৮৫০ করতে এ চুক্তি তাদের সহায়তা করবে। প্যাট্রিয়ট পিএসি-৩ ইন্টারসেপ্টর উৎপাদন বছরে ২ হাজার ইউনিটে নেওয়ার কথাও আগে জানিয়েছিল তারা। ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর উদ্যোগের কেন্দ্রে রয়েছে চলতি বছরের শুরুতে হওয়া অস্থায়ী উৎপাদন চুক্তি। এর ভিত্তিতে ঠিকাদারদের আরও দ্রুত কাজ করতে চাপ দিচ্ছেন পেন্টাগনের আলোচকেরা।