মদিনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার নিন্দা জানালো আরব বিশ্ব

সৌদি আরবের পবিত্র মদিনা অঞ্চল লক্ষ্য করে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে কাতার, কুয়েত, বাহরাইন ও জর্ডান। দেশগুলো রিয়াদের সঙ্গে তাদের পূর্ণ সংহতি প্রকাশ করেছে।

সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি মাঝপথেই ধ্বংস করে দেয়। পাশাপাশি সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে হুথিদের একটি ড্রোনও ভূপাতিত করা হয়। তবে মদিনাকে লক্ষ্য করে হামলার দাবি প্রত্যাখ্যান করেছে হুথিরা।

এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে মুসলিমদের প্রতি চরম উস্কানি, বেসামরিক জীবনের তোয়াক্কা না করা এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে বর্ণনা করেছে। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় একে আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে সৌদি আরবের সুরক্ষায় সব পদক্ষেপে সমর্থনের ঘোষণা দিয়েছে।

বাহরাইনের পররাষ্ট্রসূত্র জানায়, মহানবীর (সা.) মসজিদ ও দর্শনার্থীদের হুমকি দেওয়া পুরো বিশ্বের মুসলিমদের অনুভূতির ওপর আঘাত। তারা হুথিদের ঠেকাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। জর্ডানও একে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং জাতিসংঘের সনদের লঙ্ঘন বলে অভিহিত করে সৌদি আরবের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

২০১৪ সালে হুথিরা সানাসহ বিভিন্ন এলাকা দখলের পর থেকেই ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। ২০১৫ সাল থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সহায়তা দিচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট। সম্প্রতি দুপক্ষের লড়াই তীব্র রূপ নিয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি