নেতানিয়াহুকে হটাতে এত তাড়াহুড়ো কেন আইজেনকটের?

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ আনুষ্ঠানিকভাবে গাদি আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। এর ফলে নতুন জোট গঠনের জন্য প্রাথমিকভাবে ২৮ দিনের সময় পাচ্ছেন তিনি। এই সময়ের মধ্যে নতুন নেসেট বা সংসদে আস্থা ভোটে জয়ী হওয়ার মতো জোট গঠন করতে হবে তাকে। আগামী ১০ নভেম্বর নতুন নেসেটের শপথ নেওয়ার কথা রয়েছে। সরকার গঠনের জন্য আরও ১৪ দিন সময় বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে আইজেনকটের হাতে। তবে তিনি দ্রুত সরকার গঠনে আগ্রহী বলে মনে হচ্ছে।

সমর্থকদের কাছে আইজেনকট প্রতিশ্রুতি দিয়েছেন, ইসরায়েলে নেতানিয়াহুর ক্ষমতার অবসান ঘটাতে যত দ্রুত সম্ভব একটি জরুরি সরকার গঠন করবে তার দল। এটি অর্জনের জন্য তিনি হয়তো সংখ্যালঘু সরকারের পথ বেছে নিতে পারেন অথবা অন্তত একটি অতি-রক্ষণশীল দলের সমর্থন চাইতে পারেন। তবে এর জন্য তথাকথিত ‘চেঞ্জ ব্লক’-এর অংশীদারদের ছাড় দিতে হবে।

যে পথই বেছে নেওয়া হোক না কেন, আরব দলগুলোর সমর্থন নেওয়ার বিষয়ে বিরোধিতা থাকা সত্ত্বেও বিরোধী দলগুলোর মধ্যে একটি বিষয়ে ঐকমত্য রয়েছে। তা হলো, নেতানিয়াহু ও তার ডানপন্থি জোটকে ক্ষমতা থেকে সরানো। নেসেটে ১৯টি আসন থাকা আরব দলগুলোর কাছে বিষয়টি অস্তিত্ব রক্ষার অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে।

ইসরায়েলের বিরোধী দলগুলো নেতানিয়াহুকে নিয়ে কোনও ঐক্য সরকারে অংশ না নেওয়ার অঙ্গীকার করেছে। ফলে এমন সরকার গঠনের সম্ভাবনা আপাতত নেই বললেই চলে।

আইজেনকটের হাতে থাকা কয়েক সপ্তাহে অনেক কিছুই ঘটতে পারে। তবে যত দ্রুত সম্ভব সরকার গঠনের চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। 

সূত্র: আল জাজিরা