বৃষ্টিতে ভিজেছে কম্বল-তোশক, গাজায় নতুন দুর্ভোগে বাস্তুচ্যুতরা

ভারী বৃষ্টিতে ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হাজার হাজার তাঁবু প্লাবিত হয়েছে। পানির স্রোতে ভেসে গেছে অনেক তাঁবু। ভিজে গেছে কম্বল ও বিছানার তোশক। এতে চরম দুর্ভোগে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হামাস পরিচালিত গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, গত ১২ ঘণ্টায় অন্তত ৭০ হাজার তাঁবু প্লাবিত হয়েছে। এতে কয়েক হাজার বাস্তুচ্যুত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, বাস্তুচ্যুত বাসিন্দাদের কাছ থেকে তারা ১ হাজার ৫০০টি সাহায্যের আবেদন পেয়েছে। এ ছাড়া পরিত্যক্ত তিনটি বাড়ি ধসে পড়েছে। তবে এতে কেউ আহত হননি।

গাজা সিটির একটি তাঁবুশিবিরে কেউ তাঁবু মেরামতের চেষ্টা করছেন, কেউ বালু দিয়ে তাঁবুর চারপাশ শক্ত করে পানি প্রবেশ ঠেকানোর চেষ্টা করছেন। আবার কেউ বন্যার পানিতে ডুবে যাওয়া তাঁবু থেকে শিশুদের বের করে আনতে ব্যস্ত।

গাজার বাসিন্দা ওলফাত মাগদুব নিজের তাঁবু থেকে পানি সরানোর চেষ্টা করেও ব্যর্থ হন। তিনি বলেন, বৃষ্টির প্রথম দিনেই আমরা পানিতে ডুবে গেছি। পরদিন আবার বৃষ্টি হলে কী হবে? এটি মাত্র প্রথম দিন, এরই মধ্যে আমরা সামাল দিতে পারছি না।

তিনি আরও বলেন, দুই সপ্তাহ আগে যখন বৃষ্টি হয়েছিল, তখন বৃষ্টির পানি বিছানাপত্র ভিজিয়ে দেওয়ায় টানা চার দিন মেঝেতে বিছানো কম্বলের ওপর ঘুমিয়েছি। এবারও একই অবস্থা। তোশক ভিজে গেছে, তাই মেঝেতেই ঘুমাচ্ছি।’