ওমান সাগরে পণ্যবাহী জাহাজে মার্কিন হামলা

ইরানের ওপর জারি করা অবরোধ ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টাকালে একটি বাণিজ্যিক জাহাজে বিমান হামলা চালিয়ে তা অচল করে দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। শনিবার ওমান উপসাগরে সেন্ট্রাল কমান্ডের নির্দেশনায় এ হামলা চালানো হয়।

সেন্ট্রাল কমান্ড জানায়, সেন্ট কিটস-এর পতাকাবাহী জাহাজটি ইরানের বন্দর সফর শেষে ওই এলাকার জলসীমা ছাড়ার চেষ্টা করছিল। মার্কিন বাহিনীর সতর্ক বার্তার পর একটি যুদ্ধবিমান থেকে এর পেছনের অংশে নিখুঁতভাবে রকেট ও ক্ষেপণাস্ত্র ফেলা হয়। সেন্ট্রাল কমান্ডের হিসাবে, তাদের এই নৌ-অবরোধের কারণে ইরান ২৫ বিলিয়ন ডলারের বেশি অপরিশোধিত তেল রফতানি করতে পারেনি।

এদিকে স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে ইরানের অত্যাধুনিক অস্ত্র পরিবহন রুখতে নতুন টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন অভিযানের হুমকি দিচ্ছেন, যার জবাবে উপসাগরীয় অবকাঠামোতে বড় ধরনের প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

সূত্র: রয়টার্স