যুক্তরাজ্যে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) একটি ঘাঁটি থেকে ইরান হামলার চালাতে পারে, এমন হুমকির মুখে সোমবার (৯ নভেম্বর) নিজেদের সামরিক বিমান সরিয়ে নিয়েছে মার্কিন বাহিনী। প্রতিবেদনে বলা হয়েছে, আরএএফ মিলডেনহল ঘাঁটি থেকে মার্কিন দুটি রিফুয়েলিং ট্যাংকার জার্মানিতে ডাইভার্ট করা হয় এবং পরবর্তীতে ফ্লাইট-ট্র্যাকিং ডেটা অনুযায়ী আরও কয়েকটি ট্যাংকার জার্মানি ও অন্যান্য স্থানে সরিয়ে নেওয়া হয়।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, আরএএফ মিলডেনহলে এই হুমকির ধরনটি তাৎক্ষণিক নাকি কোনও বড় ধরনের নিরাপত্তা সম্পর্কিত, তা মার্কিন কর্মকর্তারা এখনও খতিয়ে দেখছেন। মার্কিন বিমান বাহিনীর একজন মুখপাত্র বিমান সরিয়ে নেওয়াকে স্বাভাবিক বা রুটিন কার্যক্রম বলে দাবি করেছেন।
একজন মার্কিন কর্মকর্তা জার্নালকে জানান, সম্ভাব্য সন্ত্রাসী হামলার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আরএএফ মিলডেনহল এবং আরএএফ লেকেনহিথ ঘাঁটিতে নিরাপত্তা বাড়িয়ে ‘এফপিকন চার্লি’ স্তরে উন্নীত করা হয়েছে। গত মাসেও ড্রোন ও অন্যান্য উপায়ে মার্কিন পাইলট ও বিমানকে লক্ষ্যবস্তু করার ইরান-সমর্থিত চক্রান্তের আশঙ্কায় পেন্টাগন আরএএফ ফেয়ারফোর্ড থেকে বি-১ বোমারু বিমানগুলো যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নিয়েছিল। ইরান আগেই সতর্ক করে দিয়েছিল যে মার্কিন কোনও আক্রমণের জবাব কেবল মধ্যপ্রাচ্যের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না।
পেন্টাগনের এই উদ্বেগের বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে কর্মী ও সামরিক সরঞ্জাম সরিয়ে আমরা এই সমস্যার মোকাবিলা করছি।
অন্যদিকে, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানির সঙ্গে আলোচনার পর কূটনীতিতে ‘ইতিবাচক অগ্রগতির’ কথা উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের সঙ্গে নতুন করে সামরিক সংঘাত শুরু হওয়ার সম্ভাবনা কম। এই মুহূর্তে সামরিক পদক্ষেপ নেওয়া খুব একটা প্রয়োজনীয় মনে হচ্ছে না।
তবে পরিস্থিতি পরিবর্তিত হলে মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি সতর্ক করে বলেন, তাদের বাহিনী ‘লকড অ্যান্ড লোডেড’ অবস্থায় তৈরি আছে।
সূত্র: উইয়ন নিউজ