যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে শুরু হওয়া রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার নতুন ধাপের শান্তি আলোচনা বুধবার দ্বিতীয় দিনে গড়িয়েছে। রিয়া নোভোস্তিসহ রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, প্রায় সাড়ে চার ঘণ্টার প্রথম দিনের বৈঠক শেষে শুরু হওয়া এই ত্রিপক্ষীয় আলোচনার পর রুশ প্রতিনিধি দল একটি সংবাদ সম্মেলন করবে।
ইউক্রেনের ফরেন ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান রুস্তম উমেরভ টেলিগ্রামে জানান, ত্রিপক্ষীয় বৈঠকের পাশাপাশি ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে ইউক্রেনীয় প্রতিনিধি দলের একটি পৃথক বৈঠকও অনুষ্ঠিত হবে। গত ফেব্রুয়ারিতে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ত্রিপক্ষীয় আলোচনার পর আবুধাবিতে এটিই প্রথম নতুন বৈঠক।
আবুধাবির এই বৈঠকে রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি ভ্লাদিমির মেদিনস্কি এবং ইউক্রেনের দলের নেতৃত্ব দিচ্ছেন রুস্তম উমেরভ ও প্রেসিডেনশিয়াল অফিসের প্রধান কিরিলো বুদানোভ। ওয়াশিংটনের পক্ষে অংশ নিচ্ছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।
প্রথম দিনের বৈঠক নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, আলোচনা গঠনমূলক ও বেশ অর্থবহ ছিল, যেখানে ইউক্রেনের দীর্ঘমেয়াদি নিরাপত্তা গ্যারান্টি ও উত্তেজনা হ্রাসের পদক্ষেপ নিয়ে বিস্তারিত কথা হয়েছে। পাশাপাশি তিনি বন্দিমুক্তিকে অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।
অন্যদিকে জ্যারেড কুশনার একে গঠনমূলক আলোচনা হিসেবে অভিহিত করে আশাবাদ প্রকাশ করেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই আলোচনাকে অত্যন্ত ফলপ্রসূ বলে বর্ণনা করেছেন। রুশ ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ জানান, এখনই বৈঠকের ফলাফল মূল্যায়ন করা কিছুটা আগ বাড়িয়ে বলা হবে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনীয় পক্ষের মধ্যে যুক্তরাজ্যের প্রতিনিধিসহ একটি প্রস্তুতিমূলক বৈঠকও অনুষ্ঠিত হয়।
সূত্র: আনাদোলু এজেন্সি