সৌদি আরব জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভূপাতিত করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বুধবার মক্কা অঞ্চলে পড়েছে। ইয়েমেনের ইরানপন্থী হুথিদের সঙ্গে সৌদি আরবের হামলা-পাল্টা হামলা চলছে, যা ক্রমেই উত্তেজনা বাড়াচ্ছে।
সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন স্থান দুটি শনাক্ত করেছে। এর একটি মক্কার গ্র্যান্ড মসজিদ থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে সাবুহাহ গ্রাম, অন্যটি মসজিদ থেকে প্রায় ২১ কিলোমিটার পূর্বে ওয়াদি আল-মাগমাস।
সৌদি বেসামরিক প্রতিরক্ষা অধিদফতর এক বিবৃতিতে জানায়, ক্ষেপণাস্ত্র দুটি ওই অঞ্চলের দিকে ছোড়া হয়েছিল এবং সেগুলো ভূপাতিত ও ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে অধিদফতর বলে, বেসামরিক স্থাপনাকে এই শত্রুতামূলক লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং হুথি মিলিশিয়ার বিপজ্জনক শত্রুতামূলক নীতির প্রতিফলন।
ইসলামের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনাকে লক্ষ্যবস্তু করার সৌদি অভিযোগ হুথিরা বারবার অস্বীকার করেছে। তাদের দাবি, সৌদি আরবের অন্যত্র সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে তারা অভিযান চালায়। বিশ্বজুড়ে মুসলমানদের কাছে পবিত্র স্থানের আবাস মক্কা বার্ষিক হজের কেন্দ্রবিন্দু। ইসলামের পাঁচ স্তম্ভের একটি এই হজ প্রতিবছর লাখো মুসলমান পালন করেন।
হুথিরা ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে। এর পরের বছর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে সামরিক হস্তক্ষেপ করে সৌদি আরব। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় এক যুদ্ধবিরতি সংঘাত অনেকটা স্থবির করে দিয়েছিল। তবে চলতি বছরের শুরুতে আবার লড়াই শুরু হয়। হুথিরা সৌদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, আর রিয়াদ ইয়েমেনে বিমান হামলা চালায়। সর্বশেষ এই উত্তেজনা লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করা গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ বাব আল-মান্দেব প্রণালিকে হুমকিতে ফেলেছে।
সূত্র: রয়টার্স