হুমকি কিংবা নিষেধাজ্ঞা দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি থামানো যাবে না বলে মন্তব্য করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান আহমদ ওয়াহিদি। বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
মহাকাশ দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন। বার্তাটি ইরানের তাসনিম সংবাদ সংস্থায় প্রকাশিত হয়েছে। এতে তিনি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত হাসান তেহরানি মোগাদ্দামের প্রতি শ্রদ্ধা জানান।
আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের সদস্যদের উদ্দেশে ওয়াহিদি বলেন, আজ একই চেতনা নিয়ে আপনারা পাহাড়ের গভীরে এবং মাটির নিচে দেশের শক্তি গড়ে তুলছেন। তিনি আরও বলেন, শত্রুদের বুঝতে হবে, শহীদ তেহরানি মোগাদ্দামের পথ হুমকি কিংবা নিষেধাজ্ঞা দিয়ে থামানো যাবে না। রক্ত ও বিশ্বাসের মধ্য দিয়ে এই পথ এগিয়ে চলবে।
এ ছাড়া আইআরজিসির সাবেক অ্যারোস্পেস কমান্ডার আমির আলী হাজিজাদেহ ও মাহমুদ বাঘেরির প্রতিও শ্রদ্ধা জানান ওয়াহিদি। একই সঙ্গে ইরানের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করতে বাহিনীর সদস্যদের কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
গাজার হাসপাতালে ঘুমন্ত রোগীদের ওপর ইসরায়েলি হামলা, নিহত ৬