ইরানের হাতে এখনও দেড় থেকে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র: মার্কিন গোয়েন্দা তথ্য

ইরানের কাছে প্রায় ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টির বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থা। মার্কিন কর্মকর্তারা সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে এ তথ্য জানিয়েছেন। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। 

কর্মকর্তারা দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, তেহরানের সমরাস্ত্রের হিসাব রাখা কঠিন হওয়ায় এটি একটি ‘কম নির্ভরযোগ্য মূল্যায়ন’। তবে এটা স্পষ্ট যে ইরান সরকারের কাছে এখনও বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অস্ত্রাগারের এই সম্ভাব্য আকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় প্রভাব ফেলেছে। বিশেষ করে ইরানে হামলা চালানো উচিত হবে কি না, তা নিয়ে প্রশাসনকে নতুন করে ভাবতে হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি কর্মকর্তারা বিশ্বাস করেন তেহরানের কাছে ১ হাজার ৫০০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের সময় ইরানের ক্ষেপণাস্ত্র মজুত এবং উৎপাদন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলেও একজন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, তেহরান আরও বড় সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালকে ওই কর্মকর্তা বলেন, ‘তারা আবার ঘুরে দাঁড়াচ্ছে এবং নতুন করে অস্ত্র সজ্জিত হচ্ছে’।

গত সপ্তাহে ইরান একটি নতুন ভূগর্ভস্থ ‘ক্ষেপণাস্ত্র শহর’ বা মিসাইল সিটি উন্মোচন করেছে। সে সময় নাম প্রকাশে অনিচ্ছুক এক পশ্চিমা কর্মকর্তা ব্লুমবার্গকে গোয়েন্দা প্রতিবেদনের বরাতে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান অভিযানে ইরানের প্রচলিত সামরিক বাহিনী প্রায় ধ্বংস হয়ে গেলেও দেশটির হাতে সম্ভবত অন্তত ১ হাজার ৭০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অবশিষ্ট রয়েছে। এ ছাড়া তারা প্রতি মাসে আরও ৫০টি পর্যন্ত ক্ষেপণাস্ত্র তৈরি করছে।