ইরানের কাছে এখনও ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে বলে মনে করছে মার্কিন গোয়েন্দা সংস্থা। শনিবার মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানানো হয়েছে। উপসাগরীয় অঞ্চলে একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার কয়েক ঘণ্টা আগে প্রতিবেদনটি প্রকাশিত হয়।
মার্কিন কর্মকর্তারা সংবাদমাধ্যমটিকে জানান, তেহরানের অস্ত্রভান্ডার নজরদারির জটিলতার কারণে ক্ষেপণাস্ত্রের এই সংখ্যাটি কম আস্থার মূল্যায়ন। তবে দেশটির কাছে এখনও বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র রয়েছে, এ বিষয়টি স্পষ্ট। ইরানের এই অস্ত্রভান্ডারের আকার তেহরানে হামলা চালানো হবে কি না, সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত করছে।
ইসরায়েলি কর্মকর্তারাও মনে করেন, তেহরানের কাছে দেড় হাজারের বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র মজুত ও উৎপাদন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলেও দেশটি আরও সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানান এক ইসরায়েলি কর্মকর্তা। ওয়াল স্ট্রিট জার্নালকে তিনি বলেন, তারা পুনর্গঠন করছে, আবারও অস্ত্রে সজ্জিত হচ্ছে।
গত সপ্তাহে ইরান নতুন একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করে। সে সময় ব্লুমবার্গকে এক পশ্চিমা কর্মকর্তা গোয়েন্দা তথ্যের বরাতে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান অভিযানে ইরানের প্রচলিত সামরিক শক্তি বেশির ভাগই ধ্বংস হলেও দেশটির হাতে সম্ভবত অন্তত ১ হাজার ৭০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অবশিষ্ট আছে এবং তারা মাসে সর্বোচ্চ ৫০টি করে নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করছে।
এদিকে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের পক্ষ থেকে নতুন কোনও উসকানি না এলে ইরানে হামলা স্থগিত রাখতে পারেন বলে সাম্প্রতিক দিনগুলোতে জ্যেষ্ঠ উপদেষ্টাদের জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ২৭ অক্টোবরের নির্বাচনে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারানো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনও ইরানে হামলার পক্ষে আগ্রহী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল