ভারতের রাজধানী দিল্লিতে একটি পোশাকের শোরুমের ট্রায়াল রুমে শবনম নামে ১৮ বছর বয়সী এক কর্মীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন ও একতরফা ভালোবাসার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় সূরজ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, শবনম পশ্চিম দিল্লিতে পরিবারের সঙ্গে বসবাস করতেন। তিনি মোতি নগর মেট্রো স্টেশনের কাছে একটি পোশাকের শোরুমে কাজ করতেন। অভিযুক্ত সূরজের সঙ্গে তার আগে থেকেই পরিচয় ছিল। একসময় তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও কয়েক মাস ধরে সেই সম্পর্কে অবনতি ঘটে।
তদন্তকারীদের ধারণা, সম্পর্কের এই টানাপোড়েন থেকেই হত্যাকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যায় শবনমের কাজের সময় শেষ হওয়ার কাছাকাছি সময়ে শোরুমে যান সূরজ। পরে তাকে শোরুমের একটি ট্রায়াল রুমে নিয়ে যান তিনি। সেখানে ধারালো অস্ত্র দিয়ে শবনমের গলায় আঘাত করে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে। রাত ৯টার দিকে শোরুম বন্ধের প্রস্তুতি নিচ্ছিলেন কর্মীরা। এ সময় ট্রায়াল রুমগুলো পরীক্ষা করতে গিয়ে রক্তাক্ত অবস্থায় শবনমকে পড়ে থাকতে দেখেন তারা। পরে দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীর গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখতে পায়। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পর দিল্লি থেকে পালানোর চেষ্টা করছিলেন সূরজ। তবে প্রযুক্তিগত নজরদারি ও মাঠপর্যায়ের তথ্য সংগ্রহের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়।
ঘটনার বিস্তারিত জানতে শোরুমের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছেন তদন্তকারীরা। ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সময় অভিযুক্তের গতিবিধি এবং শোরুম থেকে পালানোর পথ শনাক্তের চেষ্টা চলছে। পুলিশ বলছে, একতরফা ভালোবাসা, ব্যক্তিগত বিরোধসহ হত্যাকাণ্ডের সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে আরও তথ্য জানা যাবে।
সূত্র: এনডিটিভি
ভারতে হাইওয়ের টানেলে গাড়ি থামিয়ে আতশবাজি, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ