চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র আত্মবিশ্বাসী হলেও শেষ পর্যন্ত দেশটিকে পরাজয়ের মুখে পড়তে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। অতীতের ইতিহাস স্মরণ না রাখলে একই ভুলের পুনরাবৃত্তি হয়- এমন সতর্কবার্তাও দিয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, ‘তলোয়ারধারীদের কাছে আইন উদ্ধৃত করবেন না’- এই কথাটি বলেছিলেন এক রোমান সেনাপতি। সংখ্যাগত শ্রেষ্ঠত্ব থাকা সত্ত্বেও তার শেষ সামরিক অভিযান চূড়ান্ত পরাজয়ে শেষ হয়েছিল। যুদ্ধক্ষেত্র থেকে পালানোর পর তার শিরশ্ছেদ করা হয়।
এরপর তিনি লেখেন, ‘এর চেয়ে ভালো প্রবাদ হলো- যারা অতীতকে মনে রাখতে পারে না, তারা একই ভুলের পুনরাবৃত্তি করতে বাধ্য’।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে ফেডারেলিস্ট সোসাইটির ন্যাশনাল লইয়ার্স কনভেনশনে দেওয়া বক্তব্যে একই প্রবাদ উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সমালোচনা করতে গিয়ে তিনি ‘তলোয়ারধারীদের কাছে আইন উদ্ধৃত করা বন্ধ করুন’- এই বক্তব্য তুলে ধরেন। রুবিওর বক্তব্যের জবাবেই আরাঘচি ঐতিহাসিক ওই ঘটনার প্রসঙ্গ টেনে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরাজয়ের ইঙ্গিত দিয়েছেন।