ভারতের সংশোধিত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর অবৈধ অভিবাসী সন্দেহে আটক, জিজ্ঞাসাবাদ ও দেশ থেকে বিতাড়নের শিকার হচ্ছেন বহু মানুষ। এমনকি ভারতীয় পরিচয়পত্র ও পারিবারিক নথি থাকা সত্ত্বেও কাউকে কাউকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানে এমন চিত্র উঠে এসেছে।
অনুসন্ধানে ১০টি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে রয়টার্স। এসব পরিবারের স্বজনদের কারও নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, কাউকে আটক বা দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, আবার কাউকে নাগরিকত্ব নিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। অথচ তাদের কাছে ভারতীয় পরিচয়পত্র বা পারিবারিক নথি ছিল এবং পরিবারের অন্য সদস্যদের নাম ভোটার তালিকায় বহাল রয়েছে।
মুম্বাইয়ের বাসিন্দা ৩৮ বছর বয়সী সাহিদা ফকিরের ঘটনাটি এর একটি উদাহরণ। গত ১৯ জুলাই সবজি কিনতে বাড়ি থেকে বের হওয়ার সময় ছোট ছেলেকে কয়েক মিনিটের মধ্যে ফিরে আসার কথা বলেছিলেন তিনি। কিন্তু তিন মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও আর বাড়ি ফেরা হয়নি তার। বর্তমানে বাংলাদেশের সাতক্ষীরার একটি গ্রামে স্বামী ও দুই ছেলেকে ছেড়ে বসবাস করছেন তিনি। সাহিদা জানান, সাদাপোশাকের কয়েকজন কর্মকর্তা তাকে আটক করেন এবং তার মোবাইল ফোন জব্দ করেন। ওই ফোনে তার পরিচয়পত্রের কপি ছিল বলে দাবি করেন তিনি। পরে তাকে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানো হয়। তিনি আরও বলেন, ‘পেছন থেকে কেউ একজন আমার হাত ধরে টেনে গাড়িতে উঠতে নির্দেশ দেয়’।
আদালতের নথি অনুযায়ী, ওই কর্মকর্তারা মুম্বাই পুলিশের অপরাধ শাখার সদস্য ছিলেন। তবে এ বিষয়ে মন্তব্য চেয়ে রয়টার্স যোগাযোগ করলেও পুলিশ বিভাগ কোনও জবাব দেয়নি।
ভোটার তালিকা থেকে বাদ ১৩ কোটি নাম
ভারতের সংশোধিত ভোটার তালিকা থেকে দেশজুড়ে প্রায় ১৩ কোটি নাম বাদ পড়েছে। দেশটির ইতিহাসে ভোটার তালিকা থেকে এটিই সবচেয়ে বড় নাম বাদ দেওয়ার ঘটনা। তথ্য-উপাত্তে দেখা গেছে, এই বাদ পড়ার ঘটনা ভারতের বৃহত্তম সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীকে তুলনামূলক বেশি প্রভাবিত করেছে। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকে মানবাধিকার সংগঠনগুলো মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য ও বঞ্চনামূলক নীতির অভিযোগ করে আসছে। ভোটার তালিকার এই সংশোধন ঘিরে ব্যাপক বিক্ষোভ ও বিজেপির বিরুদ্ধে নিজেদের সুবিধামতো নির্বাচনি জনমত গড়ে তোলার অভিযোগ ওঠে। তবে বৈধ নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে দলটি।
পশ্চিমবঙ্গে এই সংশোধন সবচেয়ে ব্যাপকভাবে কার্যকর করা হয়েছে। চলতি বছরের শুরুতে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে সেখানে প্রায় ৯০ লাখ নাম বাদ দেওয়া হয়। কলকাতাভিত্তিক সাবার ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, অধিকতর যাচাই-বাছাইয়ের পর বাদ পড়া ২৭ লাখ নামের মধ্যে প্রায় ৭০ শতাংশই মুসলিমদের। অথচ রাজ্যটির মোট জনসংখ্যার মাত্র ২৭ শতাংশ মুসলিম। ওই নির্বাচনে জয় পেয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে বিজেপি।
গত ৫ নভেম্বর উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানায় এক সমাবেশে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘অনুপ্রবেশকারীদের শনাক্ত করা, ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া এবং এরপর একজন একজন করে খুঁজে বের করে দেশ থেকে বিতাড়ন করাই বিজেপির সংকল্প’।
‘ভোটার তালিকায় নাম নেই, আপনি বাংলাদেশি’
কলকাতা হাইকোর্টে করা আরেকটি আবেদনে বাসনপত্র বিক্রেতা নাসিরুদ্দিন শেখ ও আরও চারজন অভিযোগ করেছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর তাদের আটক করা হয়েছিল। অথচ নাম বাদ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের আপিল তখনও বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল। নাসিরুদ্দিন জানান, বাড়ি থেকে কয়েকশ কিলোমিটার দূরে ছত্তিশগড়ে কাজ করার সময় পুলিশ তাকে আরও ২২ জনের সঙ্গে আটক করে। সংশোধিত ভোটার তালিকায় নাম পাওয়া যাওয়ায় ১৯ জনকে ১৪ দিন পর ছেড়ে দেওয়া হয়। তবে নাসিরুদ্দিনসহ যাদের নাম তালিকায় ছিল না, এমন আরও তিনজনকে ৩২ দিন আটক রাখা হয়। তিনি বলেন, ‘একজন পুলিশ সদস্য আমাকে বলেছিলেন, ভোটার তালিকায় আপনার নাম নেই। আপনি একজন বাংলাদেশি’।
আদালতে শুনানির আগের রাতে অন্যদের সঙ্গে তাকে ছেড়ে দেওয়া হয়। নাসিরুদ্দিন জানান, আটককেন্দ্রের একটি বড় হলে ৬০ জনের বেশি মানুষের থাকার ব্যবস্থা ছিল। সেখানে আটকদের স্বাস্থ্য পরীক্ষা ও বায়োমেট্রিক নিবন্ধন করা হতো। তিনি বলেন, ‘সব দিক থেকেই এটি ছিল একটি কারাগার। আমরা বাইরে যেতে পারতাম না।’ তবে পশ্চিমবঙ্গে কোনও স্থায়ী আটককেন্দ্র নেই বলে কলকাতা হাইকোর্টকে জানিয়েছেন পুলিশ ও রাজ্য সরকারের আইনজীবীরা।
সূত্র: রয়টার্স
ইরানি জেনারেলদের অপহরণ ও হত্যা করেছিল ইসরায়েল
‘ভারত-সমর্থিত’ সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানের মেজরসহ ৪ সেনা নিহত