মধ্যপ্রাচ্য থেকে হরমুজ প্রণালি হয়ে তেল সরবরাহ প্রায় যুদ্ধ-পূর্ববর্তী পর্যায়ে ফিরে আসার পাশাপাশি চীনের পরিশোধনাগারগুলোতে অপরিশোধিত তেল প্রক্রিয়াজাতের পরিমাণ কমেছে। এতে বিশ্ববাজারে তেলের চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে। এর প্রভাবে সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ কমে ৯৫ ডলার ৩০ সেন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২২ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮ ডলার ৩৪ সেন্ট হয়েছে।
এর আগে শুক্রবারও দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের ভূরাজনৈতিক ঝুঁকি কমার ইঙ্গিত পর্যালোচনা করছিলেন বিনিয়োগকারীরা। যুদ্ধের নবম মাসে এসে আগের সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম যথাক্রমে ১৬ ও ১৩ শতাংশ কমেছিল।
শুক্রবার আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদাকে ছাড়িয়ে যেতে পারে। মধ্যপ্রাচ্য থেকে রফতানি প্রত্যাশার চেয়ে দ্রুত পুনরুদ্ধার হওয়ায় এই পরিস্থিতি তৈরি হচ্ছে। যদিও জাহাজ চলাচলে হামলার ঘটনা অব্যাহত রয়েছে।
কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত শুরুর পর এই প্রথম ব্যবসায়ীরা বাজারে সরবরাহ সংকটের পরিবর্তে অতিরিক্ত সরবরাহের সম্ভাবনা নিয়ে সক্রিয়ভাবে ভাবছেন। বাজারের এই পরিবর্তিত দৃষ্টিভঙ্গি তেলের দামের ওপর চাপ তৈরি করছে।
আইইএর পূর্বাভাস অনুযায়ী, বছরের চতুর্থ প্রান্তিকে দৈনিক গড়ে ১০ কোটি ৫০ লাখ ব্যারেল তেল সরবরাহ হতে পারে। যা ওই সময়ে সম্ভাব্য চাহিদার চেয়ে দৈনিক ১৭ লাখ ব্যারেল বেশি।