হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে চার ট্যাংকারে আগুন

হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে নৌমাইনে আঘাত লেগেছে চতুর্থ একটি ট্যাংকারের। মঙ্গলবার সকালে এ ধরনের চারটি ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নৌবাহিনী।

এর আগে মঙ্গলবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী জানায়, হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাতের পর একটি সুপারট্যাংকার ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী জাহাজে বড় ধরনের বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে।

আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ দফতরের বিবৃতিতে বলা হয়, কয়েক ঘণ্টা আগে নৌমাইনে আঘাতের পর জাহাজ দুটিতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে। জাহাজ দুটির একটি দুই মিলিয়ন ব্যারেলের বেশি অপরিশোধিত তেল বহনকারী সুপারট্যাংকার। অন্যটি এলপিজি বহনকারী জাহাজ।

আইআরজিসি নৌবাহিনীর দাবি, জাহাজ দুটি বিপুলসংখ্যক মার্কিন যুদ্ধবিমান ও উড়োজাহাজের আকাশসুরক্ষার মধ্যে চলাচল করছিল। নৌমাইনে আঘাতের পর শক্তিশালী বিস্ফোরণ ঘটে, আগুন ধরে যায় এবং জাহাজ দুটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে।

হরমুজ প্রণালিতে একের পর এক জাহাজে নৌমাইনে আঘাতের ঘটনায় গুরুত্বপূর্ণ এই নৌপথে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: মেহের নিউজ এজেন্সি