যুক্তরাষ্ট্রের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ ইরানের কেশম দ্বীপের উপকণ্ঠে আঘাত হেনেছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে (গ্রিনিচ মান সময় ১৫টা ২০ মিনিট) কেশম শহরের কাছে একটি এলাকায় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। হতাহতের তাৎক্ষণিক কোনও খবর পাওয়া যায়নি। ক্ষেপণাস্ত্রটির লক্ষ্যবস্তু কী ছিল, তাও নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্র এ বিষয়ে এখনও মন্তব্য করেনি।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে উপসাগরীয় এই দ্বীপে নতুন করে মার্কিন সামরিক হামলার মধ্যেই এ ঘটনা ঘটলো। ইরানের সম্প্রচারমাধ্যম আইআরআইবি মঙ্গলবার জানায়, মার্কিন বাহিনী দ্বীপটির কয়েকটি স্থানে হামলা চালিয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। জবাবে তেহরান ইসরায়েল এবং আরব দেশগুলোতে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায়। জুনে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারক সই করে আলোচনা শুরু করে। হরমুজ প্রণালিতে নিরাপদ ও মুক্ত চলাচল কীভাবে নিশ্চিত করা হবে, তা নিয়ে মতভেদে পরে আলোচনা থমকে যায়। যুদ্ধ শেষের প্রচেষ্টা চললেও জুলাই থেকে দুই পক্ষের লড়াই পুরোপুরি থামেনি।
সূত্র: আনাদোলু এজেন্সি