ইয়েমেনের হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে গত ২৪ ঘণ্টায় জনসাধারণের জন্য ৮টি জরুরি সতর্কতা জারি করেছে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা অধিদফতর। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
সংস্থাটি সতর্কতাগুলোকে সাবধানতামূলক বা সতর্কবার্তা হিসেবে বর্ণনা করেছে। কর্তৃপক্ষ বিপদ কেটে গেছে নিশ্চিত হওয়ার পর কয়েক মিনিটের মধ্যেই সবগুলো তুলে নেওয়া হয়।
একই সময়ে হুথিদের বিরুদ্ধে লড়াই করা সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদের দিকে ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দক্ষিণাঞ্চলীয় প্রদেশের দিকে ছোড়া একটি ড্রোন তারা ভূপাতিত ও ধ্বংস করেছে।
আল জাজিরার ট্র্যাক করা সতর্কতার তথ্য অনুযায়ী, শুক্রবার সৌদি সময় সকাল সাড়ে ৭টা (গ্রিনিচ মান সময় সাড়ে ৪টা) থেকে শুরু হওয়া ২৪ ঘণ্টায় ৮টি জারি করা সতর্কতা জারি করা হয়। এর মধ্যে জাজান প্রদেশে দুটি, নাজরান প্রদেশে দুটি, খামিস মুশাইত গভর্নরেটে একটি, রিয়াদ শহরে দুটি, সুলাইল গভর্নরেটে একটি শর্তকতা জারির সংকেত পাওয়া যায়।