মার্কিন অবরোধ ভাঙতে ১৪ ট্যাংকার প্রস্তুত ইরানের, উপসাগরে হামলার হুঁশিয়ারি

মার্কিন নৌ-অবরোধ উপেক্ষা করে আগামী কয়েক দিনের মধ্যে ১৪টির বেশি তেলবাহী ট্যাংকার পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। এসব জাহাজ আটকে দেওয়ার চেষ্টা করা হলে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনায় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান-সমর্থিত সংবাদমাধ্যম।

‘অপারেশন ফেরেইদুন’ নামে প্রস্তাবিত এই অভিযানে ট্যাংকারগুলো চীনের উদ্দেশে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি এ পরিকল্পনার কথা প্রকাশ করেছে। দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, স্যাটেলাইট চিত্র, জাহাজ চলাচলের তথ্য এবং ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে এ খবর প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের প্রধান তেল রফতানি টার্মিনাল খার্গ দ্বীপের কাছে জড়ো হচ্ছে জাহাজগুলো। দেশটির মোট অপরিশোধিত তেল রফতানির প্রায় ৮৫ থেকে ৯০ শতাংশ এই টার্মিনালের মাধ্যমে হয়ে থাকে।

স্যাটেলাইট চিত্র ও জাহাজ চলাচলের তথ্য বলছে, ট্যাংকারগুলোতে নাবিক রয়েছেন এবং সেগুলোতে ইরানের পতাকা উড়ছে। তবে এই বহর পাঠানোর পরিকল্পনার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি তেহরান।

এদিকে, মার্কিন অবরোধের বিরুদ্ধে হুঁশিয়ারি জোরদার করেছেন ইরানি কর্মকর্তারা। অবরোধ মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকারও করেছেন তারা। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, যুক্তরাষ্ট্রের পদক্ষেপের জবাব দেবে তেহরান। তিনি বলেন, ‘অবরোধ একটি সামরিক পদক্ষেপ। সামরিক পদক্ষেপের জবাবও সামরিকভাবেই দেওয়া হবে’।