ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোটের মধ্যে ঐক্য সরকার গঠনের আলোচনা কোনও সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। পরবর্তী সরকার কে নেতৃত্ব দেবেন এবং কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির সরকারে থাকবেন কি না- এসব বিষয়ে মতবিরোধে সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২-এর বরাতে জানা গেছে, রবিবার হার্জলিয়ায় একটি হোটেলে নেতানিয়াহুর লিকুদ পার্টি ও আইজেনকটের ইয়াশার পার্টির প্রতিনিধিরা বৈঠকে বসেন। তবে সরকারপ্রধান নির্বাচন এবং বেন-গভিরের অন্তর্ভুক্তি নিয়ে তাদের অবস্থান আলাদা থাকায় আলোচনা এগোয়নি।
ইয়েদিওথ আহরোনোথ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, লিকুদ সরকারে বেন-গভিরকে রাখতে চায়। অন্যদিকে ইয়াশার পার্টি তাকে সরকারে না রাখার পক্ষে। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে দুই দল জানায়, তারা ‘বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে’ এবং এ নিয়ে পরবর্তী বৈঠক হবে। তবে সেই বৈঠকের তারিখ বা আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ও টুগেদার তালিকার নেতা নাফতালি বেনেট একটি জোট সরকারের প্রস্তাব দিয়েছেন। এতে টুগেদার, ইয়াশার, লিকুদ এবং আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু পার্টি থাকবে। প্রস্তাব অনুযায়ী, প্রথমে আইজেনকোট প্রধানমন্ত্রী হবেন এবং পরে নেতানিয়াহু দায়িত্ব নেবেন। তবে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব ভাগাভাগির এ প্রস্তাবে রাজি নন আইজেনকোট। অন্যদিকে নেতানিয়াহু প্রথমেই প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে চাইছেন বলে জানা গেছে। আর লিবারম্যান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নেতানিয়াহু থাকলে তিনি কোনও সরকারে যোগ দেবেন না।
ঐক্য সরকার গঠনের আলোচনা ব্যর্থ হলে আইজেনকটের ম্যান্ডেটের মেয়াদ শেষ হওয়ার আগেই সংখ্যালঘু সরকার গঠনের জন্য নেসেটে আস্থাভোটের উদ্যোগ নেবে ইয়াশার পার্টি। এ সরকার গঠনে ইউসুফ জাবারিনের নেতৃত্বাধীন আরব জয়েন্ট লিস্ট এবং মানসুর আব্বাসের নেতৃত্বাধীন ইউনাইটেড আরব লিস্টের বাইরের সমর্থনের ওপর নির্ভর করতে হবে।