ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাত্রীবাহী বাস ও ট্রাকে সৌদি বিমান হামলায় অন্তত ২৫ জন নিহত বা নিখোঁজ হয়েছেন এবং ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) হুথি-সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ‘সাবা’ এ তথ্য জানিয়েছে।
ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা ইয়েমেনের বিশাল অংশ নিয়ন্ত্রণ করছে এবং তারা দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।
হুথি পরিচালিত সাবা সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, লাহজ প্রদেশের ওয়াদি মাবাক এলাকায় বাস ও ট্রাক লক্ষ্য করে সৌদি শত্রু বিমানের হামলায় নিহত বা নিখোঁজের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে এবং আরও ৬ জন আহত হয়েছেন। ওই এলাকার আকাশে সৌদি বিমানের অব্যাহত উপস্থিতির কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এর আগে সোমবার হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি হতাহতের সংখ্যা উল্লেখ না করেই এই হামলার খবর দিয়েছিলেন এবং এর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন।
এদিকে, সোমবার পার্শ্ববর্তী উপকূলীয় প্রদেশ হোদেইদায় পৃথক বিমান হামলায় ১৭ জন নিহত এবং বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়েছে বলে জানিয়েছে হুথিদের টেলিযোগাযোগ মন্ত্রণালয়।
সূত্র: গলফ নিউজ