অনলাইনে অশ্লীল ও অনৈতিক কনটেন্ট তৈরি ও প্রকাশের মাধ্যমে জনশালীনতা ক্ষুণ্ণ করার অভিযোগে দণ্ডিত হওয়ার পর ইরানের এক নারী সংগীতশিল্পী এবং তার প্রযোজনা দলের চার সদস্যকে ৭৪টি করে বেত্রাঘাত করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) ইরানের একটি সংবাদ ওয়েবসাইটের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
ইরানি সংবাদমাধ্যম এমতেদাদ-এর প্রতিবেদনে আইনজীবী মোস্তফা নিলির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, গায়িকা পারাস্তু আহমাদি এবং তার দলের ওই চার সদস্যকে বেত্রাঘাতের পাশাপাশি আগামী দুই বছরের জন্য যেকোনও ধরনের শৈল্পিক ও সংগীত কর্মকাণ্ড এবং বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা হেঙ্গাও জানিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরে ইউটিউবে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে এই মামলাটি দায়ের করা হয়েছিল। ওই ভিডিওতে রাজধানী তেহরানের দক্ষিণে কোম শহরে পুরুষ সংগীতশিল্পীদের সঙ্গে বাধ্যতামূলক হিজাব ছাড়াই গান পরিবেশন করতে দেখা গিয়েছিল পারাস্তু আহমাদিকে।
পশ্চিমা সরকার এবং মানবাধিকার সংস্থাগুলো বেত্রাঘাতের এই শাস্তিকে ‘নির্যাতন’ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে এর তীব্র সমালোচনা করেছে। তবে নিজেদের মানবাধিকার রেকর্ড নিয়ে ওঠা এসব অভিযোগ প্রত্যাখ্যান করে ইরান পাল্টা বলেছে, পশ্চিমা দেশগুলোর উচিত নিজেদের মানবাধিকার সমস্যার দিকে মনোযোগ দেওয়া।
উল্লেখ্য, ২০২২ সালে পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে আটক হওয়ার পর পুলিশি হেফাজতে কুর্দি-ইরানি তরুণী মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে নারীদের হিজাব পরার বাধ্যবাধকতা প্রধান ইস্যু হয়ে উঠেছিল। সাম্প্রতিক সময়ে তেহরান এবং এর বাইরের রাস্তাগুলোতে হিজাব সংক্রান্ত নিয়ম অমান্য করার প্রবণতা ক্রমশ বাড়ছে এবং কর্তৃপক্ষের পক্ষ থেকেও এই আইন প্রয়োগের ক্ষেত্রে কিছুটা শিথিলতা বা বাছবিচার দেখা যাচ্ছিল।
সূত্র: দ্য গার্ডিয়ান
চলতি বছরে ২৩ ইসরায়েলি সেনার আত্মহত্যা, ১৬ বছরের সর্বোচ্চ