ইয়েমেনে সেনা অভিযানে ২৭ হুথি সদস্য নিহত

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে দেশটির সরকারি বাহিনীর অভিযানে হুথি গোষ্ঠীর ২৭ জন সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) চালানো এই অভিযানের বিষয়ে ইয়েমেনি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

সেনাবাহিনীর ৩৫তম আর্মার্ড ব্রিগেড জানিয়েছে, ‘পপুলার রেজিস্ট্যান্স’ বাহিনীর সহায়তায় তাদের সেনারা তাইজের আল-মিসরাখ জেলায় হুথিদের অবস্থানে হামলা চালায়। ব্রিগেডটির দাবি, এই হামলায় গোষ্ঠীটির আরও বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে, তাইজেরই ইয়ানান গ্রামে হুথিদের গোলার আঘাতে এক কিশোরী নিহত হয়েছে বলে ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা জানিয়েছে।

এছাড়া মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশে বিস্ফোরকবাহী একটি হুথি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনি সেনাবাহিনী। সামরিক বাহিনীর সংবাদ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশের আল-হাজমের দক্ষিণ-পূর্বে হুথিদের অবস্থানে ড্রোন হামলাও চালিয়েছে সেনাবাহিনী।

পৃথক এক বিবৃতিতে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের বেশ কয়েকটি প্রদেশে সৌদি আরব ৭২টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে হুথিরা রাজধানী সানা ও দেশের অন্যান্য অংশ দখল করে নেওয়ার পর থেকে ইয়েমেনে সংঘাত শুরু হয়। পরের বছর ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক হস্তক্ষেপ করলে দীর্ঘমেয়াদি যুদ্ধ ও ভয়াবহ মানবিক সংকটের সৃষ্টি হয়।