ইয়েমেনে সৌদি বিমান হামলায় শিশুসহ নিহত ১১

ইয়েমেনের তাইজ প্রদেশের আল-তুরবাহ শহরে সৌদি বিমান হামলায় অন্তত ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিশু বলে জানিয়েছে হুথি পরিচালিত সংবাদ সংস্থা সাবা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শুক্রবার এ খবর জানিয়েছে।

 স্থানীয় একটি সূত্রের বরাতে সংবাদ সংস্থাটি জানিয়েছে, হামলায় শহরের একটি আবাসিক ভবন সরাসরি আঘাতপ্রাপ্ত হয়। উদ্ধারকারী দলগুলো এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে আটটি মরদেহ উদ্ধার করেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তবে এই হামলার দাবিটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

এ বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।