কী, কেন, কীভাবে

নারী সংগীতশিল্পীকে বেত্রাঘাত, কী বার্তা দিতে চায় ইরানের কট্টরপন্থিরা

ইরানে পোশাকবিধি ও শালীনতা লঙ্ঘনের অভিযোগে নারী সংগীতশিল্পী পারাস্তু আহমাদিকে ৭৪ বেত্রাঘাত করা হয়েছে। একই শাস্তি দেওয়া হয়েছে তার প্রযোজনা দলের আরও চার সদস্যকে। যুদ্ধ ও অর্থনৈতিক সংকটে থাকা দেশটির ক্ষমতাসীন গোষ্ঠী ভিন্নমত দমনে শক্তি প্রদর্শনের অংশ হিসেবে এই শাস্তি দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট সূত্রগুলো।

গত সোমবার এই শাস্তি কার্যকর করা হয়। ২৯ বছর বয়সী আহমাদি দুই বছর আগে একটি অনলাইন সরাসরি সম্প্রচারিত সংগীত পরিবেশনায় অংশ নিয়েছিলেন। কোম শহরের কাছে একটি ঐতিহাসিক সরাইখানায় আয়োজিত ওই অনুষ্ঠানে তার মাথায় হিজাব ছিল না, কাঁধ ছিল অনাবৃত। মঞ্চে ছিলেন পুরুষ সংগীতশিল্পীরাও, যা ইরানের ধর্মতান্ত্রিক আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এই শাস্তির মাধ্যমে সম্ভাব্য ভিন্নমতাবলম্বীদের সতর্ক করার পাশাপাশি কট্টরপন্থি সমর্থকদের সন্তুষ্ট করতে চাইছে সরকার। তবে তুলনামূলক মধ্যপন্থি কর্মকর্তারা আশঙ্কা করছেন, এমন পদক্ষেপে জনমনে ক্ষোভ বাড়তে পারে।

ইরানে ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে নারীদের চুল ঢেকে রাখা এবং ঢিলেঢালা পোশাক পরা বাধ্যতামূলক। তবে ২০২২ সালে পোশাকবিধি ভঙ্গের অভিযোগে আটক এক নারীর হেফাজতে মৃত্যুর পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হলে অনেক নারী এসব নিয়ম উপেক্ষা করতে থাকেন।

এদিকে যুদ্ধের কারণে অর্থনৈতিক সংকট আরও তীব্র হওয়ায় নতুন করে সরকারবিরোধী বিক্ষোভের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, গত শীতের বিক্ষোভের বার্ষিকী ঘিরেও উদ্বেগ রয়েছে শাসকগোষ্ঠীর মধ্যে।

লন্ডনভিত্তিক ইরানি সংগীতশিল্পী ও আহমাদির বন্ধু  সাবা রোবাতজাজি বলেন, বেত্রাঘাতের মাধ্যমে কর্তৃপক্ষ ভয়ের বার্তা দিতে চাইছে। তবে এই শাস্তি মানুষের মধ্যে আরও ক্ষোভ তৈরি করবে বলে মনে করেন তিনি।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির উপপরিচালক স্কাইলার থম্পসন বলেন, নারীরা জনসমক্ষে কীভাবে নিজেদের প্রকাশ করবেন এবং দৈনন্দিন জীবনে চলাফেরা করবেন, তা নিয়ন্ত্রণে রাখতে ইরানি শাসকগোষ্ঠী ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 

সূত্র: রয়টার্স