ভারতের হায়দরাবাদের বালা সাহিত্য ভাদলামানি। একসময় কাজ করেছেন বিশ্বের শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান মেটা, অ্যামাজন ও মরগান স্ট্যানলিতে। মেটায় বছরে ১০ লাখ ডলারের বেশি আয় করলেও একপর্যায়ে চাকরি ছেড়ে নিজের উদ্যোগ শুরু করেন তিনি। বর্তমানে উদ্যোক্তা হিসেবে কাজ করছেন এই নারী। ২৮ বছর বয়সে প্রথম কোটিপতি এবং ৩০ বছর বয়সে বহুকোটিপতি হওয়ার কথা তার লিংকডইন প্রোফাইলেও উল্লেখ রয়েছে।
সম্প্রতি ইউটিউবার উমং চৌধুরীর সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের পড়াশোনা, পেশাজীবন, আয়, যুক্তরাষ্ট্রে অভিবাসন এবং বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানের চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে কথা বলেন বালা।
হায়দরাবাদ থেকে আইভি লিগে
আর্থিকভাবে সীমিত সামর্থ্যের এক রক্ষণশীল ও পুরুষতান্ত্রিক পরিবারে বেড়ে ওঠেন বালা। নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা এবং লক্ষ্য পূরণের সুযোগ পেতে যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তার ভাষায়, নিজের জীবনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হলে ঝুঁকি নেওয়া প্রয়োজন ছিল।
ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন বালা। পরীক্ষায় প্রথম স্থান অধিকার করায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স অব ইন্ডিয়া তাকে সংবর্ধনা দেয়। পরে যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ কলেজে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে স্নাতকোত্তর করেন। এ সময় ডিউক বিশ্ববিদ্যালয়ে বিনিময় শিক্ষার্থী হিসেবেও পড়াশোনা করেন এবং জিপিএ ৪ অর্জন করেন।
যুক্তরাষ্ট্রে তার অভিবাসনপ্রক্রিয়াও সহজ ছিল না। তৃতীয়বারের চেষ্টায় এইচ-১বি ভিসার লটারিতে নির্বাচিত হন তিনি। পরে অতিরিক্ত নথি চাওয়ার প্রক্রিয়া শেষে ভিসার অনুমোদন পান। বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানে কর্মজীবনের শেষ দিকে ও-ওয়ান ভিসায় যান এবং অসাধারণ দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের জন্য নির্ধারিত ইবি-১এ ভিসাও পান।
মরগান স্ট্যানলি থেকে মেটা
কর্মজীবনের শুরুতে মরগান স্ট্যানলিতে প্রযুক্তি বিশ্লেষক হিসেবে যোগ দেন বালা। পরে প্রতিষ্ঠানটির পণ্য ব্যবস্থাপনার দায়িত্বেও কাজ করেন। বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পর তার বার্ষিক আয় ছিল প্রায় ১ লাখ ১০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২ লাখ টাকা। প্রতিষ্ঠানটিতে কাজের সময় তা বেড়ে দাঁড়ায় প্রায় ১ লাখ ৩০ হাজার ডলারে।
এরপর অ্যামাজনে যোগ দেন তিনি। সেখানে আন্তর্জাতিক বিক্রেতাদের পেমেন্ট ব্যবস্থা এবং অ্যালেক্সার ভয়েসভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পণ্য নিয়ে কাজ করেন। অ্যামাজনে তার আয় মরগান স্ট্যানলির তুলনায় দ্বিগুণেরও বেশি হয়।
কয়েক বছর পর মেটায় যোগ দেন বালা। সেখানে ট্রাস্ট অ্যান্ড সেফটি বিভাগে কাজ করার পাশাপাশি ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারে এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালুর কাজেও যুক্ত ছিলেন। পরে পরিচয় ও প্রবেশাধিকার ব্যবস্থাপনা বিভাগে দায়িত্ব পালন করেন।
মেটায় তার বার্ষিক আয় ছিল ১০ লাখ ডলারের কিছু বেশি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯ কোটি ২৯ লাখ টাকা। তার লিংকডইন প্রোফাইল অনুযায়ী, ২৮ বছর বয়সে কোটিপতি, ৩০ বছর বয়সে বহুকোটিপতি হন তিনি। ৩১ বছর বয়সে তার বার্ষিক আয় ১০ লাখ ডলার ছাড়ায়।
চাকরি ছেড়ে নিজের উদ্যোগ
উচ্চ পদ ও বিপুল আয় সত্ত্বেও একপর্যায়ে বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানের চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন বালা। তার মতে, চাকরি বা পেশা ছেড়ে দেওয়া মানেই চূড়ান্ত বিচ্ছেদ নয়। বরং বিরতি নিয়ে নিজের কাছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝে নেওয়ার সুযোগ।
বর্তমানে নিজের পরামর্শক প্রতিষ্ঠান পরিচালনা করছেন তিনি। বিভিন্ন স্টার্টআপের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা দলের সঙ্গে পণ্য কৌশল, বাস্তবায়ন এবং এআই প্রযুক্তি যুক্ত করার বিষয়ে কাজ করেন। পাশাপাশি মধ্যম ও জ্যেষ্ঠ পর্যায়ের পণ্য ব্যবস্থাপকদের কর্মজীবনে এগিয়ে যেতেও সহায়তা করেন।
ভবিষ্যতে পরামর্শক কাজের পাশাপাশি অন্যান্য আগ্রহ ও পেশাগত সুযোগ মিলিয়ে বহুমুখী কর্মজীবন গড়ে তোলার পরিকল্পনা তার।
চাকরি ছাড়ার আগে তিনটি প্রশ্ন
চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, এমন পেশাজীবীদের জন্য তিনটি প্রশ্নের পরামর্শ দিয়েছেন বালা। নতুন চাকরি কি এমন দক্ষ ব্যক্তিদের সঙ্গে কাজের সুযোগ তৈরি করবে, যাদের কাছে বর্তমানে পৌঁছানো সম্ভব নয়? নতুন কিছু শেখার সুযোগ দেবে? ভবিষ্যতে আরও পেশাগত সম্ভাবনার দরজা খুলে দেবে?
তিনটির মধ্যে অন্তত দুটির উত্তর ইতিবাচক হলে চাকরি পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে মনে করেন তিনি।
তবে জীবনের একেক পর্যায়ে মানুষের অগ্রাধিকার ভিন্ন হতে পারে বলেও সতর্ক করেছেন বালা। কারও কাছে পেশাগত উন্নতি ও নতুন কিছু শেখা গুরুত্বপূর্ণ, আবার কারও কাছে স্বাস্থ্য, পরিবার কিংবা কর্মজীবনের সঙ্গে ব্যক্তিজীবনের ভারসাম্য বেশি জরুরি।
স্টার্টআপে কাজ করতে আগ্রহীদের উদ্দেশে তার পরামর্শ, শুধু নিজের দক্ষতার কথা না বলে কাজের নমুনা বা পোর্টফোলিও তৈরি করতে হবে। পাশাপাশি পেশাগত সম্পর্ক গড়ে তোলাও গুরুত্বপূর্ণ।
নিজের সাফল্যের পেছনে বিশেষ মেধার চেয়ে কৌশলী হওয়া, মনোযোগ ধরে রাখা এবং কঠোর পরিশ্রমকে গুরুত্ব দেন বালা। তার বার্তা, নিজের ওপর আস্থা রেখে বড় ঝুঁকি নিতে হবে।
সূত্র: ইন্ডিয়া টুডে
চীন-তুরস্কের সহায়তায় পাকিস্তানের মহাকাশ সক্ষমতা বাড়ছে, ভারতের উদ্বেগ
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা