ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়ে প্রধান দুই রাজনৈতিক দলের আলোচনা কোনও চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। রবিবার কেন্দ্রপন্থি ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট এবং তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির মধ্যে আলোচনা শেষে শিগগিরই আবার বৈঠকের ঘোষণা দেওয়া হয়েছে। তবে সমঝোতা না হলে দেশটিতে ফের নির্বাচন হতে পারে।
গত ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে কোনও পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য অন্তত ৬১টি আসন প্রয়োজন। আইজেনকটের সম্ভাব্য জোট পেয়েছে ৪৮টি আসন, আর নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি।
নির্বাচনের পর ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগের সঙ্গে রাজনৈতিক দলগুলোর পরামর্শে ৬৭ জন আইনপ্রণেতা আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পক্ষে মত দেন। নেতানিয়াহুর পক্ষে ছিলেন ৪৬ জন। গত নভেম্বরে আইজেনকটকে আগামী ৬ ডিসেম্বরের মধ্যে সরকার গঠনের নির্দেশ দেন প্রেসিডেন্ট। প্রয়োজনে এই সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে।
আইজেনকটের সামনে সরকার গঠনের জন্য কয়েকটি বিকল্প থাকলেও সেগুলো নিয়ে জটিলতা রয়েছে। নির্বাচনে আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসন পেয়েছে। তাদের সমর্থন পেলে আইজেনকটের জোটের আসনসংখ্যা ৬৭ হতো। তবে এসব দলের সঙ্গে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করেছেন তিনি। অন্যদিকে অতি-রক্ষণশীল ইউনাইটেড তোরাহ জুডাইজম ও শাস পার্টির সমর্থন পেলে প্রয়োজনীয় ৬১ আসন নিশ্চিত হতে পারে।
এখন পর্যন্ত ডেমোক্র্যাটস ও ইসরায়েল বেইতেনু পার্টির সঙ্গে জোট চুক্তি করেছেন আইজেনকট। এতে তার পক্ষে আসন দাঁড়িয়েছে ৩৬টি। এদিকে নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে ঐক্য সরকার গঠনের আলোচনা চলছে। তবে লিকুদ চায়- প্রধানমন্ত্রী পদে মেয়াদ ভাগাভাগির চুক্তি হোক। এতে আইজেনকটের নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর প্রতিশ্রুতির সঙ্গে বিরোধ তৈরি হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ঐক্য সরকার হলে প্রথম দুই বছর আইজেনকট প্রধানমন্ত্রী থাকবেন, পরের দুই বছর দায়িত্ব নেবেন নেতানিয়াহু। শুক্রবার এমন প্রস্তাবের খবর প্রকাশের পর আইজেনকট অভিযোগ করেন, নতুন নির্বাচন আয়োজনের উদ্দেশ্যে আলোচনা দীর্ঘায়িত করছে লিকুদ। তার দাবি, দুই সপ্তাহে দলটি কোনও সুনির্দিষ্ট প্রস্তাব দেয়নি এবং তিনটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
আইজেনকটের অভিযোগ, প্রস্তাবগুলোর মধ্যে ৭ অক্টোবরের ব্যর্থতা তদন্তে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন, সরকার থেকে ‘চরমপন্থিদের’ সরানো এবং সবার জন্য সামরিক বা জাতীয় সেবা বাধ্যতামূলক করার বিষয় ছিল। বিপরীতে লিকুদ এমন একটি ঐক্য সরকারের প্রস্তাব দিয়েছে, যেখানে বর্তমান সরকার ও অংশীদারদের কোনও পরিবর্তন থাকবে না এবং বাধ্যতামূলক সামরিক সেবার আইনও থাকবে না।
এদিকে আইজেনকটের নিজ শিবিরেও মতবিরোধ দেখা দিয়েছে। আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থন নেওয়ার সম্ভাবনায় আপত্তি জানিয়েছেন ইসরায়েল বেইতেনু নেতা আভিগদর লিবারম্যান। অন্যদিকে নেতানিয়াহুর দল সরকারে থাকার সম্ভাবনার প্রতিবাদে আইজেনকটের সঙ্গে আলোচনা স্থগিত করেছে বামপন্থি ডেমোক্র্যাটস পার্টি।
৬ ডিসেম্বরের মধ্যে সরকার গঠন করতে না পারলে প্রেসিডেন্ট হেরজগ নেসেটের অন্য কোনও সদস্যকে সরকার গঠনের দায়িত্ব দিতে পারেন। তাদের মধ্যে নেতানিয়াহুও থাকতে পারেন। এ ক্ষেত্রে সরকার গঠনের জন্য ২৮ দিন সময় দেওয়া হবে, যা আর বাড়ানো যাবে না। এরপরও সমঝোতা না হলে ইসরায়েলে নতুন নির্বাচনের পথ তৈরি হতে পারে। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে ২০১৯ সালেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। ওই বছরের এপ্রিলে নির্বাচনের পর নেতানিয়াহু সরকার গঠনে ব্যর্থ হলে নেসেট ভেঙে দেওয়া হয় এবং সেপ্টেম্বরে দ্বিতীয় দফায় নির্বাচন হয়। সেখানেও সংখ্যাগরিষ্ঠতা না আসায় ২০২০ সালের মার্চে তৃতীয়বার ভোট হয়। ওই মাসের শেষ দিকে বেনি গান্টজের ব্লু অ্যান্ড হোয়াইট জোটের সঙ্গে ঐক্য সরকার গঠনের মাধ্যমে সংকটের অবসান ঘটে।
সূত্র: আল জাজিরা