বিতর্কিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে ব্রিটিশ-ইসরায়েলি তেল প্রকল্প সাময়িকভাবে বন্ধের আবেদন খারিজ করে দিয়েছেন জাতিসংঘের সমর্থনে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক আদালত। সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল (আইটিএলওএস) ১৮-৩ ভোটে আর্জেন্টিনার আবেদন প্রত্যাখ্যান করেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
জার্মানির হামবুর্গভিত্তিক ট্রাইব্যুনালটির প্রেসিডেন্ট মরিস কামগা রায় পড়ে শোনান। বিচারকদের পর্যবেক্ষণ, দ্বীপগুলোর সার্বভৌমত্ব নিয়ে প্রশ্নে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার ট্রাইব্যুনালের নেই। তাই এ বিষয়ে আর্জেন্টিনার বিচারিক এখতিয়ার রয়েছে বলে মনে করার কোনও ভিত্তি দেখা যাচ্ছে না।
ফকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে ‘সি লায়ন’ প্রকল্পটি পরিচালনা করছে ব্রিটিশ প্রতিষ্ঠান রকহপার ও ইসরায়েলি প্রতিষ্ঠান নাভিটাস। গত সেপ্টেম্বরে এ প্রকল্প নিয়ে যুক্তরাজ্যের বিরুদ্ধে সালিশি প্রক্রিয়া শুরু করে আর্জেন্টিনা। চূড়ান্ত সিদ্ধান্তের আগে প্রকল্পটি স্থগিত রাখতে জরুরি ব্যবস্থা নেওয়ার আবেদনও জানায় দেশটি।
আর্জেন্টিনার দাবি, দ্বীপগুলোর সার্বভৌমত্ব নিয়ে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে একতরফা পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে জাতিসংঘের যে প্রস্তাব রয়েছে, তেল প্রকল্পটি তা লঙ্ঘন করছে। এ কারণে উত্তর মালভিনাস অববাহিকায় নতুন করে তেল উত্তোলনের জন্য খনন এবং উৎপাদন অবকাঠামো স্থাপন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে যুক্তরাজ্যকে নির্দেশ দেওয়ার আবেদন করেছিল বুয়েনস এইরেস। পাশাপাশি বিরোধপূর্ণ সমুদ্র এলাকায় প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান থেকে পাওয়া তথ্য ব্যবহার থেকেও যুক্তরাজ্যকে বিরত রাখার আহ্বান জানায় দেশটি।
কোস্টারিকায় প্রবেশে বাধা, মেক্সিকোর পথে জাতিসংঘের বিশেষ দূত আলবানিজ