আইজেনকোটের সঙ্গে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব নেতানিয়াহুর

ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক সমীকরণে নাটকীয় মোড় এসেছে। ঐক্য সরকার গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বড় ধরনের ছাড় দিয়ে বিরোধী নেতা ও ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোটকে প্রথমে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছেন। এর বিনিময়ে মেয়াদের শুরুতে বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে সম্মতি জানিয়েছেন তিনি। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। 

শনিবার এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘গাদি আইজেনকোট প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। আর মেয়াদের শুরুতে আমি বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবো’।

নিজের নতুন অবস্থানকে দেশের স্বার্থে বড় ছাড় হিসেবে তুলে ধরেছেন নেতানিয়াহু। তিনি বলেন, দেশের অস্তিত্বের জন্য হুমকির মাত্রা বিবেচনায় এবং এই হুমকি মোকাবিলায় অক্ষম কোনও সরকার গঠনের সম্ভাবনা থাকায় একজন নেতা হিসেবে তার দায়িত্ব হলো সবকিছু পাশে সরিয়ে রাখা। এমনকি সবচেয়ে বড় দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রিত্বের দাবিও ছাড়তে প্রস্তুত তিনি।

নেতানিয়াহুর এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন আইজেনকোট। সমঝোতায় পৌঁছাতে নেতানিয়াহু ও তার লিকুদ পার্টিকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। দুই নেতার মধ্যে সরাসরি আলোচনা শুরুর বিষয়েও সম্মতি হয়েছে। রবিবার সকাল ১০টায় হার্জলিয়ায় তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

গত ২৭ অক্টোবরের নির্বাচনে লিকুদ ২৭টি আসন পেয়ে বৃহত্তম দল হলেও সংখ্যাগরিষ্ঠতা হারায়। অন্যদিকে ২১ আসন পাওয়া আইজেনকোট ৬৭ আইনপ্রণেতার সমর্থন পেয়ে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছ থেকে সরকার গঠনের ম্যান্ডেট পান। ইতোমধ্যে তিনি আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেইনু এবং ইয়ার গোলানের ডেমোক্র্যাটস পার্টির সঙ্গে জোট চুক্তি করেছেন। অতি-রক্ষণশীল ইউটিজে ও আরব-নেতৃত্বাধীন রাম পার্টির সমর্থনে আইজেনকোট শনিবার রাতেই নতুন জোটের ঘোষণা দিতে যাচ্ছেন- এমন খবরের পরই নেতানিয়াহু এই প্রস্তাব দেন।

তিনি আরব দলগুলোকে ‘সন্ত্রাসবাদের সমর্থক’ আখ্যা দিয়ে ইউটিজে ও শাস দলকে নিয়ে ঐক্য সরকার গঠনের আহ্বান জানান। এসব দল ইসরায়েলকে ধ্বংস চায় বলে অভিযোগ করে তিনি বলেন, তাদের সমর্থনে সরকার গঠিত হলে শেষ পর্যন্ত ইরানের পৃষ্ঠপোষকতায় ইসরায়েলের ধ্বংসস্তূপের ওপর একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।

তবে নেতানিয়াহুর প্রস্তাবে আইজেনকোটের জোটে বিভক্তি দেখা দিয়েছে। বি’ইয়াচাদ নেতা নাফতালি বেনেট সতর্ক আলোচনার পক্ষে থাকলেও ইয়ার লাপিদ, ইয়ার গোলান এবং লিবারম্যান একে সরকার পরিবর্তন ঠেকানোর ‘প্রতারণা’ বা ‘চাল’ বলে প্রত্যাখ্যান করেছেন। আইজেনকোটও ইতোপূর্বে শরিকদের অনুমোদন ছাড়া নেতানিয়াহুর সঙ্গে সরকার না গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন।