মার্কিন বাহিনীর ওপর হামলায় মাস্কের স্টারলিংক ব্যবহার ইরানের

মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের অভিযানে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহারের তথ্য উঠে এসেছে। এ বিষয়ে জানতে পেরেছিলেন স্টারলিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। যুদ্ধ শুরুর পর মার্চের প্রথম সপ্তাহেই তিনি বিষয়টি জানতে পারেন।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, যুদ্ধ শুরুর পরপরই মাস্ক জানতে পারেন যে, মার্কিন বাহিনীর বিরুদ্ধে অভিযানে ইরান স্টারলিংক ব্যবহার করছে।

প্রতিবেদনে বলা হয়, একই সপ্তাহে মার্কিন সামরিক বাহিনীর স্টারলিংকের সামরিক সংস্করণ স্টারশিল্ডের অপব্যবহারের বিষয়টিও জানতে পারেন মাস্ক। একটি সূত্রের দাবি, স্থলবাহিনীর জন্য নির্ধারিত পরিকল্পনা ব্যবহার করে হামলাকারী ড্রোন পরিচালনা করছিল মার্কিন সামরিক বাহিনী। অথচ এ কাজে আকাশপথের জন্য নির্ধারিত পরিকল্পনা ব্যবহারের কথা, যার খরচ পাঁচ গুণ বেশি।

এ পরিস্থিতিতে স্টারলিংক নেটওয়ার্কের অননুমোদিত ব্যবহার ঠেকাতে বিধিনিষেধ আরও কঠোর করেছে সেবাটির পরিচালনাকারী প্রতিষ্ঠান স্পেসএক্স। এর অংশ হিসেবে গ্রাহকদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।

তবে ইরানে স্টারলিংক সেবা বন্ধ বা ব্যাহত করার ক্ষেত্রে একটি নেতিবাচক দিকও রয়েছে। এতে দেশটির ভিন্নমতাবলম্বীদের যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সূত্র: টাইমস অব ইসরায়েল