সৌদি আরবে কেন সেনা মোতায়েন করছে পাকিস্তান?

উদ্ভূত নিরাপত্তা উদ্বেগের মধ্যে সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে দেশটিতে সেনা মোতায়েন করছে পাকিস্তান। শনিবার সেনা সদস্যদের বিদায় জানানোর একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, সেনা সদস্যরা সম্মত প্রতিশ্রুতি ও প্রতিরক্ষা সহযোগিতার প্রতিষ্ঠিত কাঠামোর আওতায় সৌদি আরবের ভূখণ্ডে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।

পাকিস্তানের সামরিক বাহিনী আরও জানায়, সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার পাশাপাশি মক্কা ও মদিনায় ইসলামের দুই পবিত্র মসজিদের পবিত্রতা সুরক্ষায় পাকিস্তানের অঙ্গীকারের প্রতিফলন এই সেনা মোতায়েন।